হাতিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ভাঙচুর, আহত ১০
নোয়াখালীর হাতিয়ার ওছখালীতে গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষের ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন জয়নুল আবেদিন (৩৫), আবদুল ওহাব (৫০), আবদুর রহিম (৩২), আশরাফ আলী (৪২)। এ ছাড়া বাকি আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে হাতিয়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মো. আলাউদ্দিনের উপজেলা শহরের ওছখালীর বাসায় সাধারণ সভার আয়োজন করা হয়। সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে উপজেলা বিএনপির উপদেষ্টা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী সভায় যোগ দিতে আলাউদ্দিনের বাড়ির সামনে আসেন।
উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন অভিযোগ করেছেন, সাবেক আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তাঁর ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের লোকজন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সভায় হামলা-ভাঙচুর চালিয়েছে এবং নিরীহ নেতা-কর্মীদের মারধর করেছে।
অন্যদিকে সাখাওয়াত হোসেন সভায় হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মুঠোফোনে দাওয়াত পেয়ে দলীয় কর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবেই সভায় যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ামাত্র বর্তমান সভাপতির লোকজন অতর্কিতে তাঁর সঙ্গে থাকা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালালে মারামারি বেধে যায়। এ সময় তিনি নিজেই মারামারি থামানোর চেষ্টা করেন।