হাতিয়ায় ভাতিজার দায়ের কোপে চাচা খুন, গ্রেপ্তার ২
নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ এলাকায় ভাতিজার দায়ের কোপে চাচা মো. শাহজাহান (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান চরকৈলাশের মৃত মো. মোবাশ্বেরের ছেলে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত ভাজিতা মো. বাদশা (৩৫) ও আবদুর রব (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা বর্তমানে থানা হাজতে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জায়গাজমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ভাতিজা বাদশার সঙ্গে চাচা শাহজাহানের ঝগড়া বাধে। একপর্যায়ে ভাতিজা ঘর থেকে দা এনে চাচা শাহজাহানের মাথা, বুক ও পেটে কোপ দেন। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বাদশা ও আবদুর রব নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।