হাতিয়ায় রোহিঙ্গা ক্যাম্প স্থানান্তরের পরিকল্পনায় জাতিসংঘের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরে সরিয়ে নেওয়ার সরকারি পরিকল্পনার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তাদের ভাষায় এ ধরনের উদ্যোগ যৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ হবে। খবর গার্ডিয়ানের।
প্রত্যন্ত ঠেঙ্গারচর জোয়ারের সময় সম্পূর্ণ তলিয়ে যায় এবং সেখানে কোনো রাস্তা বা বন্যা প্রতিরক্ষার ব্যবস্থা নেই।
ইউএনএইচসিআর ১৯৯২ সাল থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করছে।
বাংলাদেশ সরকার গত মাসে জানায়, নিবন্ধিত প্রায় ৩২ হাজার শরণার্থীকে আংশিকভাবে স্থানান্তরের কথা ভাবা হচ্ছে। কারণ, রোহিঙ্গারা উপকূলীয় জেলা কক্সবাজারের পর্যটন কার্যক্রমে বিভিন্ন সমস্যা তৈরি করছে। সরকারি ওই প্রস্তাবে রোহিঙ্গা নেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ওই জনগোষ্ঠী মিয়ানমারে নির্যাতিত হয়ে সেখান থেকে পালিয়ে দুই দশকের বেশি আগে বাংলাদেশে আসতে শুরু করে। নিশ্চিত আবাসভূমি পাওয়ার লক্ষ্যে তারা মানব পাচারকারী চক্রের মাধ্যমে বিদেশে পাড়ি দেওয়ার বেপরোয়া চেষ্টা করে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা ঠেঙ্গারচরে যেতে চাইলে হাতিয়া দ্বীপের পুলিশ তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যাবে না বলে সম্প্রতি বাধা দিয়েছে। স্থানীয় জনগণ এবং বন বিভাগের একজন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে গার্ডিয়ানকে বলেছেন, ঠেঙ্গারচর জোয়ারের সময় তিন থেকে চার ফুট পানির নিচে চলে যায়। সেখানে বসবাস করা অসম্ভব। এখানে কাউকে নিয়ে আসা মানে বাড়িতে অতিথি ডেকে তাকে কাঁটাওয়ালা চেয়ারে বসতে দেওয়ার মতো ব্যাপার।