হাতিয়ায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া পৌর এলাকায় আজ শনিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ একরামুল করিম চৌধুরীর ‘হাতিয়া আগমন’ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ জনসভার আয়োজন করে। জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলীর সমর্থকেরা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
তবে মোহাম্মদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ক্ষমতাসীনদের সমর্থকগোষ্ঠীর অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ জেলে ও নির্যাতিত মানুষ সাংসদের আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গাছ কেটে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে—এমনটা শুনেছেন তিনি।
এ ব্যাপারে হাতিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়ালিউর হাছান মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, উপজেলা আওয়ামী লীগের জনসভা ঘিরে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।