হাতিয়ায় 'বন্দুকযুদ্ধ' ও গণপিটুনিতে দুজনের নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার দরবেশ বাজার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু এমরান বাহিনীর প্রধান এমরান ডাকাত ও গণপিটুনিতে তাঁর সহযোগী জসিম উদ্দিন ওরফে জসিম ডাকাত নিহত হওয়ার ঘটনায় হাতিয়া থানায় দুটি মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভির আহম্মদ বন্দুকযুদ্ধ ও গণপিটুনি এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দুটি করেন। অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া আবদুর রব ওরফে সাধু মাঝিকে (৫২) আসামি করা হয়েছে। এ ছাড়া গণপিটুনির ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, গণপিটুনির ঘটনার মামলা তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া অস্ত্র আইনের মামলায় সোমবার রাতে অভিযানের সময় গ্রেপ্তার হওয়া সাধু মাঝিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসআই তানভির আহমঞ্চদ প্রথম আলোকে বলেন, অস্ত্রসহ আটক সাধু মাঝিকে নিয়ে গতকাল এমরান বাহিনীর অন্য দস্যুদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

এদিকে ‘বন্দুকযুদ্ধ’ ও গণপিটুনিতে নিহত দুই দস্যুর লাশ নিতে গতকাল মঙ্গলবার পর্যন্ত নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে স্বজনদের কেউ আসেনি। তাই ময়নাতদন্ত শেষে লাশ দুটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার সকালে হাতিয়া উপকূলের জলদস্যু বাহিনীর প্রধান এমরান ও তাঁর সহযোগী জসিমকে গ্রেপ্তার করে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানার পুলিশ। সোমবার সকালে নোয়াখালীর সুধারাম থানা থেকে হাসপাতালে নেওয়ার পথে পুলিশের হেফাজত থেকে তাঁরা পালিয়ে যান। পরে রাত সোয়া নয়টার দিকে হাতিয়ার হরণী ইউনিয়নের (বয়ারচর) দরবেশ বাজারের কাছে বেড়িবাঁধ এলাকায় পুলিশ অভিযান চালালে এমরান বন্দুকযুদ্ধে ও জসিম গণপিটুনিতে মারা যান। এ সময় সাধু মাঝিকে গ্রেপ্তার করা হয়।