হাতির আক্রমণে আহত সিদ্দিক মারা গেছেন
হাতির আক্রমণে আহত আবু সিদ্দিক (৩০) গত বুধবার রাতে মারা গেছেন। রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সূত্র জানায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের হাতির গর্ত নামক এলাকায় ২৩ অক্টোবর ধানখেত পাহারা দেওয়ার সময় সিদ্দিক হাতির আক্রমণের শিকার হন। হাতি তাঁকে শুঁড় দিয়ে তুলে আছড়ে ফেললে তিনি গুরুতর আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে তিনি মারা যান। এ ব্যাপারে চকরিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সিদ্দিক খুটাখালী ইউনিয়নের খড়ইঘোনার হামিদুল হকের ছেলে।খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার কামাল বলেন, ‘হাতির পাল পাহাড়ি এলাকার খেতের ধান খেয়ে ফেলে। আবু সিদ্দিক উঁচু গাছে টংঘর বেঁধে ধানখেত পাহারা দিতেন। মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে নিচে নামলে তিনি হাতির কবলে পড়েন।’