হাতির আক্রমণে আহত ১, চারটি ঘর ক্ষতিগ্রস্ত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের কুমারপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে সুধীর কুমার রুদ্র (৬০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ সময় হাতির আক্রমণে পূর্ব ছদাহা সন্ধিপ্পাপাড়া গ্রামের চারটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে পূর্ব ছদাহা এলাকার পাহাড়ের পাশে ১৫-১৬টি বন্য হাতি অবস্থান করছিল। গতকাল সকাল নয়টার দিকে হাতির দলটি পাশের লোকালয়ে হানা দেয়। হাতির আক্রমণে কুমারপাড়ার সুধীর কুমার রুদ্র নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এর কিছুক্ষণ পর হাতির দলটি পাশের সন্ধিপ্পাপাড়া গ্রামের চারটি কাঁচা বসতঘর ভাঙচুর করে পাহাড়ের দিকে চলে যায়।
ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোসাদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, সুধীর কুমারকে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বন বিভাগের বাজালিয়া বড়দুয়ারা স্টেশন কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, বন বিভাগের লোকজন হাতির দলটিকে পাহাড়ের দিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।