হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত, চারটি বাড়ি বিধ্বস্ত
শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন। এ সময় হাতির তাণ্ডবে চারটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. রুস্তম আলী (৬৫)। তাঁর ছেলে মো. নিয়ামত আলী (২৫)। গতকাল বুধবার ভোরে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গুরুচরণ দুধনই গ্রামে এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের বাড়ি ওই গ্রামে।
আহত নিয়ামতকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকেলে গুরুচরণ দুধনই গ্রামের বাড়িতে রুস্তমকে দাফন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একদল বন্য হাতি ওই গ্রামে হামলা চালিয়ে চারটি বাড়ি গুঁড়িয়ে দেয়। এলাকাবাসী হাতির দলটি তাড়াতে এগিয়ে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে রুস্তম আলী ঘটনাস্থলেই নিহত ও তাঁর ছেলে নিয়ামত আলী আহত হন। এলাকাবাসী নিয়ামতকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঝিনাইগাতীর ইউএনও মোহাম্মদ সেলিম রেজা বলেন, এ ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থসহায়তা প্রদান করা হবে।