হাতির আক্রমণে গৃহবধূ নিহত ও শিশু আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় গত বৃহস্পতিবার রাতে হাতির আক্রমণে এক গৃহবধূ নিহত এবং তাঁর ১০ মাসের শিশুসন্তান আহত হয়েছে।
শিশুটিকে পার্শ্ববর্তী উখিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে গতকাল শুক্রবার ঘুমধুম ইউপির চেয়ারম্যান জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঘুমধুম ইউনিয়নের উলুবনিয়া পাড়ায় অতর্কিতে একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে। হাতিটি নূরুল আবছারের বাঁশের বেড়া দেওয়া ঘর ভেঙে ফেলে এবং তাঁর স্ত্রী সাহারা খাতুন (২২) ও ১০ মাসের শিশু রিফাতকে ধরে ফেলে। পরে হাতিটি শুঁড় দিয়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে সাহারা খাতুনকে হত্যা করে। নূরুল আবছার পালিয়ে কোনো রকমে আত্মরক্ষা করেছেন।
এলাকার লোকজন জানিয়েছেন, সাহারা খাতুনের চিৎকারে পাড়াবাসী হকচকিয়ে প্রথমে পালিয়ে যান। পরে হাতির আক্রমণের বিষয়টি জানতে পেরে তাঁরা সবাই এগিয়ে এলে হাতিটি পালিয়ে যায়।
ঘুমধুম ইউপির চেয়ারম্যান দীপক বড়ুয়া বলেছেন, হাতির আক্রমণের শিকার নূরুল আবছারের পরিবার অত্যন্ত হতদরিদ্র।