হাতির আক্রমণে নিহত ২
রাঙামাটির লংগদু উপজেলায় ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গত শনিবার রাতে হাতির আক্রমণে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লংগদু উপজেলার বগাচদর ইউনিয়নের ভাসান্যা আদাম এলাকার শফিকুল ইসলাম (৫৫) গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যান। এ সময় তিনি বন্য হাতির সামনে পড়ে যান। পালানোর আগেই হাতিটি শফিকুলকে শুঁড় দিয়ে পেঁচিয়ে দূরে ছুড়ে ফেলে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে হাতি চলে যাওয়ার পর স্থানীয় লোকজন শফিকুলের লাশ উদ্ধার করে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া গ্রামে শনিবার দিবাগত রাত একটার দিকে বন্য হাতির আক্রমণে নুরুল আলম (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গুদাইয়াকাটা গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চারটি বন্য হাতি গভীর রাতে ভাল্লুকখাইয়া গ্রামের ধানখেতে তাণ্ডব শুরু করে। এ সময় নুরুল আলম ধানখেতের মাঝে একটি চৌকিতে ঘুমাচ্ছিলেন। পরে হাতির আক্রমণে তিনি ঘটনাস্থলে নিহত হন। রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।