হাতির আক্রমণে প্রাণ গেল নারীর
চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরের নতুনপাড়া গ্রামে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নারীর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারীর নাম মিনু আরা বেগম (৪৫)। পাহাড়ের কাছেই তাঁর বাড়ি। তাঁর তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। বাড়িতে মিনু আরা বেগমের সঙ্গে থাকত তাঁর ছেলে জিসান (১৫)। স্থানীয়রা জানান, ঘটনার সময় জিসান বাড়িতে ছিল না।
সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় নিহত নারী বাড়িতে একা ছিলেন। হাতিটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। হাতির আক্রমণে ওই নারী মারা যান ও তাঁর দেহ কয়েক টুকরো হয়ে যায়।’
নতুনপাড়া গ্রামের দায়িত্বে থাকা কালিপুর রামদাশ হাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতাউল রহমান বলেন, ওই নারীর সাত টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হবে।
কালিপুর রেঞ্জের বন কর্মকর্তা মো. শাহাজাহান প্রথম আলোকে বলেন, হাতির আক্রমণের খবর তিনি পেয়েছেন। মাঝারি আকারের একটি দলছুট হাতি এ ঘটনা ঘটিয়েছে।