হাতির আক্রমণে প্রাণ গেল মা-ছেলেসহ চার রোহিঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরে বন্য হাতির আক্রমণে মা-ছেলেসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বেলা একটার দিকে বালুখালী-১ রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের পাহাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৫ বছর বয়সী একজন রোহিঙ্গা নারী ও ৭ থেকে ১১ বছরের তিন ছেলে শিশু রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়ার থাইংখালী বনবিট কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বেলা পৌনে একটার দিকে দুটি বন্য হাতি রোহিঙ্গা শিবিরে হামলা চালায়। এ সময় রোহিঙ্গারা পালাতে শুরু করলেও হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে মা ও তিন শিশুসন্তান। বালুখালী রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকটি বনাঞ্চলের ভেতরে গড়ে তোলা হয়েছে। সেখানে বন্য হাতির বিচরণ রয়েছে। বনাঞ্চল উজাড় হওয়ায় খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায়ই লোকালয়ে নেমে আসছে।

বালুখালী রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামাল হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকালে সাতজনের একটি পরিবার এই শিবিরে আশ্রয় নেয়। তারা শিবিরে থাকার জায়গা না পেয়ে পশ্চিম পাশের ডি-ব্লকে ঝুপড়ি তৈরি করে থাকছে। তাদের এখনো রোহিঙ্গা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এরই মধ্যে বন্য হাতির আক্রমণে মা ও তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত পরিবারের অন্য সদস্যদের খুঁজে না পাওয়ায় নিহত ব্যক্তিদের লাশ দাফন করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, বন্য হাতির আক্রমণে নিহত নারী ও শিশুরা মিয়ানমারের রোহিঙ্গা। দুই দিন আগে তারা এই শিবিরে এসেছে বলে জানতে পেরেছে পুলিশ। তবে তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। সেখানে থাকা অন্য রোহিঙ্গারা নিহত ব্যক্তিদের মা ও সন্তান বলে শনাক্ত করলেও তাদের নাম বলতে পারছে না।

উল্লেখ্য, এই শিবিরে অন্তত দুই লাখ রোহিঙ্গা বসবাস করছে। গত ১৮ সেপ্টেম্বর একই শিবিরের মধুরছড়া পাহাড়ে বন্য হাতির আক্রমণে মা ও ছেলে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছিল।