হাতির আক্রমণে মাহুত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলা শহরে গত বুধবার সকালে হাতির আক্রমণে মাহুত মমতাজ আলী (৬৫) নিহত হয়েছেন। এ সময় হাতিটি কয়েকটি বাড়িও ভাঙচুর করে। নিহত মমতাজ আলীর বাড়ি সিলেটের কমলগঞ্জ উপজেলার চিকলী গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে ডোমারের সুমি সার্কাসের একটি হাতির পিঠে উঠে মাহুত মমতাজ আলী (৬৫), তাঁর সহকারী মনোরঞ্জন (১৬) ও সার্কাসের মালিকের ভাতিজা শুভ (১৬) শহরের ছোট রাউতা পেট্রলপাম্প এলাকায় যান। এ সময় মমতাজ হঠাত্ হাতির পিঠ থেকে পড়ে গেলে হাতিটি তাঁকে পা দিয়ে চাপা দিয়ে হত্যা করে গ্রামের দিকে ছুটতে থাকে। কিছুদূর যাওয়ার পর শুভ ও মনোরঞ্জনও হাতির পিঠ থেকে পড়ে যায়। সার্কাসের অপর একটি হাতির মাহুত আমির আলী দুই ঘণ্টা পর শহরের কাজিপাড়ার আজগর আলীর ঘরে হাতিটির পায়ে বেড়ি পরাতে সক্ষম হন। সার্কাস দলের মালিক সবদের আলী বলেন, প্রায় ছয় মাস আগে সার্কাসের জন্য সিলেট থেকে দুটি হাতি চুক্তিতে আনা হয়।