হাতির আক্রমণে শিশুসহ নিহত ২, আহত ১
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ভাগ্যকুলপাড়ায় গত সোমবার রাতে একপাল বুনো হাতির আক্রমণে এক শিশুসহ দুজন নিহত ও এক শিশু আহত হয়েছে। ক্ষুধার্ত হাতির পাল পাড়ায় ঢুকে কলাগাছ ও বাড়িঘর ভেঙে গোলা থেকে ধান-চাল খেয়ে চলে গেছে বলে পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, খাদ্যসংকট ও আবাসস্থল দখল হওয়ার কারণে অস্তিত্বের সংকটে পড়া হাতিরা বেপরোয়া হয়ে বারবার লোকালয়ে আক্রমণ করছে। গত আগস্টেও হাতির আক্রমণে একজন নিহত ও এক শিশু আহত হয়েছিল।
ভাগ্যকুল এলাকার সুয়ালক ইউপি সদস্য মোহামঞ্চদ আলম জানান, রাত দেড়টার দিকে ১০-১২টি হাতি ভাগ্যকুলপাড়ায় হানা দেয়। আকস্মিক আক্রমণে ঘুমন্ত মানুষ দিগিবদিক ছুটে প্রাণ রক্ষা করে।
ঘটনাস্থল থেকে পুলিশের উপপরিদর্শক সুমন সাহা বলেন, পাড়ার সবাই পালিয়ে গেলেও সাত বছরের শিশু জুবায়ের হোসেন, চার বছরের সাদ্দাম হোসেন ও ৬০ বছরের বৃদ্ধা দিলু আরা বেগম পালাতে পারেননি। পরে হাতি চলে যাওয়ার পর জুবায়ের ও দিলু আরাকে নিহত এবং সাদ্দামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
সুয়ালক ইউনিয়নে কর্মরত বন বিভাগের বিট কর্মকর্তা রেজাউল করিম বলেন, হাতির পাল পাড়ার সাত-আটটি বাড়িঘর ভেঙে ধান ও চাল খেয়ে ফেলেছে।