হাতির কঙ্কাল নিতে চায় জাতীয় জাদুঘর
ভারত থেকে বাংলাদেশে এসে মারা যাওয়া হাতিটির কঙ্কাল নিতে গতকাল শুক্রবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে গেছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের তিন সদস্যের প্রতিনিধিদল। তারা কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামে হাতিটি মাটিচাপা দেওয়ার স্থান পরিদর্শন করে।
হাতিটির কঙ্কাল নিতে আসা দলের সদস্যরা হলেন জাতীয় জাদুঘরের সহকারী পরিচালক সৈকত ইমাম খান, গোলাম কাওছার ও মালি শরাফত হোসেন।
সৈকত ইমাম সাংবাদিকদের বলেন, কঙ্কাল নেওয়ার জন্য ইতিমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই যন্ত্রপাতি এনে কবর থেকে হাতির কঙ্কাল উদ্ধার করে জাতীয় জাদুঘরে নেওয়া হবে।
এদিকে হাতিটির কঙ্কাল চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় জামালপুরের জেলা প্রশাসনের নির্দেশে কবরের পাশে গত বুধবার থেকে পাহারা বসানো হয়েছে। আটজন গ্রাম পুলিশ ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছেন বলে জানিয়েছেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ।
গত ২৮ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ভেসে আসে ভারতীয় হাতিটি। পরে রৌমারী হয়ে বগুড়ার সারিয়াকান্দি হয়ে জামালপুরের সরিষাবাড়ীতে আসে। গত মঙ্গলবার সেখানে হাতিটি মারা যায়।