হাতির চলাচলের পথে যাতে বাধা সৃষ্টি না হয় সে জন্য তাদের চলাচলের স্থানে ভারত ও বাংলাদেশের সীমান্ত শিথিল করার প্রস্তাব করেছে দুই দেশের বন বিভাগ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হাতি চলাচলের পথ বা করিডর নিয়ে দুই দেশের বৈঠকে এ প্রস্তাব করা হয়।
বৈঠকে হাতির করিডর আছে এমন এলাকাগুলোতে বৃহৎ এই স্থলচর প্রাণীদের চলাচলের বাধা দূর করারও প্রস্তাব দেওয়া হয়। গত বুধ ও বৃহস্পতিবার হাতি নিয়ে দুই প্রতিবেশী দেশের ওই বৈঠক হয়। কলকাতায় অনুষ্ঠিত দুই দেশের বন সংরক্ষণ বিভাগের কর্তাদের বৈঠকের শেষ দিনে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের বন বিভাগের কর্মকর্তাদের সূত্রে গতকাল শুক্রবার এসব জানা গেছে।
বন বিভাগের হিসাব অনুযায়ী, বাংলাদেশে বড়জোর ২০০টি হাতি রয়েছে। গত ১১ বছরে বাংলাদেশে ৬২টি হাতি মানুষের হাতে মারা পড়েছে। সীমান্ত অতিক্রম করে আসা বেশ কয়েকটি হাতিও ওই তালিকায় রয়েছে। আবার বাংলাদেশ থেকে বেশ কয়েকটি হাতি ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে গেলেও কাঁটাতারের বেড়া ও অন্যান্য কারণে সেগুলো আর দেশে ফিরতে পারেনি।
যোগাযোগ করা হলে উপপ্রধান বন সংরক্ষক মুহাম্মদ আকবর হোসেন বলেন, ‘আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অন্য রাষ্ট্রে হাতির প্রবেশ ঠেকানো, মানুষের সঙ্গে হাতির সংঘাত বন্ধ করা, চোরা শিকারিদের হাত থেকে হাতিকে রক্ষা করাসহ একাধিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা চাইছি, দুই দেশের মধ্যে প্রটোকলের ভিত্তিতে সমঝোতা স্মারক সই হোক। বিষয়টি নিয়ে আমরা একটা প্রস্তাব দিয়েছি।’
বৈঠকে অংশ নেওয়া বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক তপন কুমার দে বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়ার কারণে হাতিদের নিয়মিত পারাপার বিঘ্নিত হয়েছে। গাছপালা, বনজঙ্গল কাটার ফলে উভয় পাড়েই হাতির আবাসস্থল নষ্ট হয়েছে। স্বাভাবিকভাবে এই প্রাণীটি বিপন্ন প্রাণীর তালিকায় গিয়ে পৌঁছেছে। হাতি সংরক্ষণ করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠক সূত্র জানা গেছে, শুধু হাতি বা বাঘ সংরক্ষণ নয়, সুন্দরবনে ক্রমশ বেড়ে চলা চোরা শিকারীদের উপদ্রব ঠেকাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তরের জেলাগুলোর এলিফ্যান্ট করিডর উন্মুক্ত রাখাসহ বৈশ্বিক উষ্ণায়নের হাত থেকে সুন্দরবনকে বাঁচানো নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশের বন বিভাগের প্রধান বন সংরক্ষক মুহাম্মদ ইউনুস আলীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
সূত্র বলছে, দুই দেশে চলাচলে প্রতিবন্ধকতার কারণে হাতির প্রজননে যাতে কোনো সমস্যা না হয়, সে ব্যাপারে বৈঠকে বন কর্মকর্তারা একমত হয়েছেন। বৈঠকে বলা হয়, হাতিদের করিডরে নিয়মিত নজরদারি করতে হবে। দাঁতের লোভে চোরা শিকারিরা হাতি হত্যা করে। বৈঠকে বন কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, দুই দেশেই সমন্বয় দল থাকবে। হাতির পারাপারের সব তথ্য আদান-প্রদান করা হবে। এর ফলে হাতির চলাচল পথ নির্বিঘ্ন করা সম্ভব হবে।