হাতির ঢাকা দর্শন!

ভোর চারটা। রাজধানীর মতিঝিল থানার সামনে মাহুত ছাড়াই ঘোরাঘুরি করছিল একটি হাতি। উপায় না দেখে ওই থানার পুলিশ ফোন করে ঢাকা অঞ্চলের শীর্ষ বন কর্মকর্তা অসিত রঞ্জন পালকে। কিছুক্ষণের মধ্যে বনকর্মীদের একটি দল নিয়ে তিনি চলে যান থানার সামনে। উদ্দেশ্য হাতিটিকে বশে এনে আটকে ফেলা। কিন্তু কে শোনে কার কথা! ধরতে গেলেই ছুট লাগায় হাতিটি। একপর্যায়ে সেই হাতিটি যেন বের হয় ভোরের ঢাকা দর্শনে!
মতিঝিল থানার সামনে থেকে হাতিটি প্রথমে যায় মতিঝিলের শাপলা চত্বরের দিকে। আর সেই হাতিকে অনুসরণ করতে থাকেন অসিত পাল ও বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিকসহ বনবিভাগের ১৩ জন কর্মী এবং পুলিশের দুটি ভ্যান।
হাতিটির গতিবিধি নিয়ে কথা হয় বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিকের সঙ্গে। তিনি বলেন, ভোর সাড়ে চারটার দিকে হাতিটি মতিঝিলের শাপলা চত্বরে যায়। হাতিটি একবার ডানে যায়, তো আবার যায় বাঁয়ে। একপর্যায়ে হাতিটি সামনের দিকে এগোতে থাকে। আবার হঠাৎ এটি দাঁড়িয়ে পড়ে। যখনই এটি দাঁড়িয়ে পড়ে তখনই আমরা উদ্বিগ্ন হচ্ছিলাম। না জানি, এটা রাস্তার পাশের দোকানপাটের কোনো ক্ষতি করে বসে। একপর্যায়ে হাঁটতে হাঁটতে শাহজাহানপুর-খিলগাঁও-বাসাবো-বাড্ডা লিংক রোড হয়ে বারিধারার ৩০০ ফিট রাস্তার দিকে চলে যায়। সেখান থেকে একপর্যায়ে নারায়ণগঞ্জের সীমানার কাছে চলে যায় হাতিটি।

অসীম মল্লিক বলেন, বারিধারায় হাতিটিকে বাধা দেয় নারায়ণগঞ্জ পুলিশের একটি দল। পরে হাতিটিও গতি বদলায়। সেটি এবার যেতে থাকে কুড়িল বিশ্বরোড হয়ে খিলক্ষেতের দিকে। একপর্যায়ে হাতিটি পিংক সিটির কাঁটাতার ঘেরা সীমানার ঢুকে পড়ে। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল হাতিটিকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া। এটা ছিল নির্জন স্থান। ইতিমধ্যে বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে মাহুতসহ উদ্ধারকারী দল চলে আসে। মাহুতরা তাঁরা বিভিন্ন ভাষায় হাতিকে বশে আনতে চাচ্ছিলেন কিন্তু পারছিলেন না। একপর্যায়ে কাঁটাতারের সীমানার ভেতরে বিশেষ কৌশলে হাতিটিকে ঘুমের ইনজেকশন দেওয়া সম্ভব হয়।’ অসীম মল্লিক আরও বলেন, ‘এত বড় প্রাণী প্রথমে কাজ করছিল না। কিছুক্ষণ পরে হাতিটি ঝিম ধরে। পরে সেটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে একটি ট্রাকে করে সেটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়। তখন ঘড়িতে বাজে সকাল সাতটা। অর্থাৎ সাড়ে তিন ঘণ্টার অভিযানে হাতিটি নিয়ন্ত্রণে আসে।’
অসীম মল্লিক জানান, হাতিটি কোন জায়গা থেকে মতিঝিলে গেল, সেটা জানা যায়নি।