হাতির দাঁতসহ গ্রেপ্তার পাঁচজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় হাতির দাঁত পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ গ্রেপ্তার পাঁচজনকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে হাতির দুটি বড় আকারের দাঁত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মুসলিমপাড়া ও নোয়াপাড়ায় অভিযান চালানো হয়। ফাইতং ইউপি চেয়ারম্যান শামসুল আলম বলেছেন, পুলিশ প্রথমে মুসলিমপাড়া থেকে জাকির হোসেন নামের একজনকে আটক করে। জাকিরকে জিজ্ঞাসাবাদের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াপাড়ায় তল্লাশি চালিয়ে একটি বাড়িতে বস্তাভর্তি অবস্থায় ২৪ ইঞ্চি দীর্ঘ দুটি হাতির দাঁত পাওয়া যায়।
পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে সেখান থেকে সৈয়দ আহমদ, সেলিম, মংক্যহ্লা মারমা ও আলমাস খাতুন নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। মুসলিমপাড়া থেকে আটক জাকির ওই চারজনের জড়িত থাকার কথা জানিয়েছেন বলে পুলিশ জানায়।
ফাইতং ইউনিয়নের পুলিশ ফাঁড়ির অধিনায়ক উপপরিদর্শক তারেক রহমান বলেছেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তাঁরা পাচারের জন্য উখিয়া থেকে হাতির দাঁতগুলো নিয়ে এসেছেন। আগেও তাঁরা কয়েকবার টেকনাফ ও উখিয়া থেকে দাঁত নিয়ে এসে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করেছেন।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শাহেদ আলী বলেছেন, বাংলাদেশে হাতির দাঁতের বাজার না থাকলেও পাচারকারীরা মিয়ানমার ও থাইল্যান্ড থেকে নিয়ে এসে আন্তর্জাতিক বাজারে পাচার করে। মূলত উচ্চমূল্যের শৌখিন অলংকার ও দ্রব্যসামগ্রী হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান ভূঁইয়া বলেছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও আদালতে হাজির করার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তে পাচারের ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে।