জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর গ্রামে গত মঙ্গলবার রাতে একপাল হাতি ঢুকে বাড়িঘর লন্ডভন্ড ও রোপা আমন তছনছ করেছে। এদিকে গত শনিবার হাতি হত্যার ঘটনায় পুলিশের গ্রেপ্তার-আতঙ্কে পালিয়ে থাকা গ্রামবাসী প্রশাসনের আশ্বাসে গ্রামে ফিরতে শুরু করেছে।
দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। পুলিশ একজনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে। তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই, পালিয়ে থাকারও দরকার নেই। স্থানীয় ডাংধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফর রহমান বলেন, প্রশাসনের আশ্বাসে গ্রামবাসী ফিরতে শুরু করেছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে একপাল হাতি লোকালয়ে ঢুকে প্রথমে হাবিবুর রহমান, শহিদুজ্জামান, আল-আমিন, শুক্কুর আলী, জোরান ফকিরসহ ১০-১৫ জনের প্রায় পাঁচ বিঘা রোপা আমন তছনছ করে। পরে হাতির পাল হানা দেয় জহুরুল ইসলামের বাড়িতে। সেখানে প্রায় ৩০টি হাতি ঢুকে দুটি ঘর ও আসবাব লন্ডভন্ড করে। এ সময় গ্রামের লোকজন মশাল জ্বালিয়ে হইহুল্লোড় করে, ঢাকঢোল পিটিয়ে শব্দ করতে থাকলে রাত তিনটার দিকে হাতির পাল চলে যায়।
মাখনের চর গ্রামের জহুরুল ইসলাম বলেন, কয়েক বিঘা জমিতে রোপা আমন ছিল। গত কয়েক দিনে হাতির পাল সব তছনছ করেছে। এর মধ্যে মঙ্গলবার রাতে দুটি টিনের ঘর এমনভাবে ভেঙে ফেলেছে যে তা মেরামত করার উপায় নেই।
ইউপি সদস্য লুৎফর বলেন, হাতির পাল আসা দ্রুত বন্ধ করার ব্যবস্থা না করা হলে গ্রামের কোনো চিহ্নই থাকবে না। ১০ অক্টোবর থেকে হাতির পাল প্রতিদিন লোকালয়ে এসে গরিব কৃষকের ফসল ও বাড়িঘর তছনছ করে চলে যাচ্ছে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। বন বিভাগও কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসী হতাশ।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘হাতি তাড়াতে প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীকে সহযোগিতা করা হচ্ছে। হাতি তাড়ানোর প্রয়োজনীয় সরঞ্জাম হিসেবে আজ (বুধবার) কিছু টর্চলাইট বরাদ্দ করা হয়েছে। সেগুলো ওই গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে গত শনিবার হাতি হত্যার ঘটনার কয়েক দিন পার হলেও বন বিভাগ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বন বিভাগ যদি আমাদের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিত, তাহলে হাতি তাড়ানো আরও সহজ হতো।’
শেরপুরের সরকারি বন সংরক্ষণ কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, হাতির পালের গ্রামে ঢোকা প্রতিরোধ করতে বন বিভাগের কর্মকর্তা এবং ওই গ্রামের লোকজনের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে। বন বিভাগের একটি প্রতিনিধিদল গতকাল স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করতে সেখানে গেছে।
গত শনিবার মাখনের চর গ্রামে হাতির আক্রমণ ঠেকাতে একটি ধানখেতে জেনারেটরের সংযোগের মাধ্যমে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতেন কয়েকজন। ওই দিন রাত আটটার দিকে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুটি হাতি মারা যায়। এ ঘটনায় গ্রেপ্তার-আতঙ্কে সাধারণ মানুষ পালিয়ে বেড়াচ্ছিলেন।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, হাতি হত্যার ঘটনায় গত রোববার বেলাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।