হাতির পালের হানায় ধান ও গমখেত বিনষ্ট
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কোচপাড়ায় গত রোববার বুনো হাতির পাল খেতের ধান ও গম খেয়ে এবং তরমুজের খেত পা দিয়ে মাড়িয়ে বিনষ্ট করেছে। আবারও হাতির পাল হানা দিতে পারে—এমন আশঙ্কায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বর্তমানে হাতির পালটি শমশ্চুড়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকার চেংবের টিলায় অবস্থান করছে। এলাকার লোকজন সরকারিভাবে হাতির পাল তাড়ানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছে।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নবী হোসেন বলেন, ‘রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ৩০-৪০টি হাতি সীমান্ত দিয়ে কোচপাড়ায় হানা দেয়। হাতির পালটি ১০-১২ জনের বোরো, গম ও তরমুজের খেত নষ্ট করে ফেলেছে। আমিসহ গ্রামবাসী মশাল জ্বালিয়ে হাতির পালটিকে তাড়িয়েছি।’
কোচপাড়ার রমেন কোচ বলেন, ‘আবার সন্ধ্যার পর হাতি আসতে পারে। তার লাইগা কিছুডা ভয়ের মধ্যে আছি। সরকারিভাবে হাতি তাড়ানোর ব্যবস্থা হইলে সীমান্তবাসীর উপকার হয়।’
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী মাচাংপাড়া থেকে ৩০-৪০টি হাতি পশ্চিম শমশ্চুড়া ইউনিয়নের ১ হাজার ১১১ নম্বর পিলারের কাছ দিয়ে কোচপাড়া এলাকার সমতলে নেমে আসে। হাতির পালটি পশ্চিম শমশ্চুড়া গ্রামের আসকর আলী, মো. ইসরাফিল, নবী হোসেন, বেলায়াত হোসেন, আছর আলী ও আবদুল মান্নানের ৮০ শতক বোরো আবাদ ও নওশেদ মিয়ার ২০ শতক জমির গম খেয়ে ফেলে। এ ছাড়া একই গ্রামের লাবিব মিয়ার ৩০ শতক তরমুজের খেত পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে হাতির পালটি। গ্রামবাসী মশাল জ্বালিয়ে রাত সাড়ে ১১টার দিকে পালটিকে শমশ্চুড়া পাহাড়ের দিকে তাড়িয়ে দেয়। গতকাল সোমবার হাতির পালটি শমশ্চুড়া চেংবের পাহাড়ে অবস্থান করে। সন্ধ্যার পর আবারও হাতির পালটি এলাকায় হানা দিতে পারে—গ্রামবাসী এমন আতঙ্কে রয়েছে।
শমশ্চুড়া গ্রামের আসকর আলী বলেন, ‘হাতির পাল আমগর সাতজনের আবাদ করা ১৮ কাডা বোরো খেত খাইয়া হালাইছে। পরে সবাই মিইলা মশাল জ্বালাইয়া হাতির পালরে পাহাড়ে তাড়াইয়া দিছি।’
লাবিব মিয়া বলেন, ‘অনেক কষ্টে চার কাডা তরমুজের খেত লাগাই ছিলাম। কিন্তু কাইল রাইতে হাতির পাল সমস্ত খেত নষ্ট কইরা ফালাইছে।’
নওশেদ মিয়া বলেন, ‘হাতির পাল আমার চার কাডা গমখেত সম্পূর্ণ খাইয়া হালাইছে। আইজ আবার আইবার পায় তার লাইগা মশাল বানাইতেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান প্রথম আলোকে বলেন, গ্রামবাসীকে নিয়ে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কেরোসিন তেল কিনতে বলা হয়েছে।