হাতির পায়ে বল!

বিশ্বকাপ ফুটবলের এই মৌসুমে তোমাকে দিচ্ছি বিচিত্র এক ফুটবল ম্যাচের খবর। বিপক্ষ দলের খেলোয়াড়দের ল্যাং মেরে ফেলে দেওয়ার ‘বদঅভ্যাস’ যাদের আছে, এই ম্যাচ তাদের জন্য নয়। প্রতিপক্ষ যদি হয় বিশালদেহী হাতি, ফাউল করার সাহস কি কারও হয় বলো? অদ্ভুত এই ম্যাচের আয়োজন করেছিল থাইল্যান্ডের আয়ুত্থায়া হাতি আশ্রম। একেকটি হাতির গায়ে আঁকা ছিল একেক দেশের পতাকা৷ হাতির বিপক্ষে এই খেলায় অংশ নিয়েছে স্থানীয়

স্কুলগুলোর কয়েকজন খুদে ফুটবলার। ভাবছ হাতির বিপক্ষে ম্যাচ খেলতে নেমে খুব মজা পেয়েছিল ওরা? ব্যাপারটা কিন্তু তা নয়। গ্যালারিতে বসে থাকা খুদে দর্শকেরা হেসে লুটোপুটি খেলেও, শিশু একাদশের খেলোয়াড়েরা ভয়ে কাঁচুমাচু হয়ে ছিল! হাতি একাদশের সঙ্গে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে খেলার চেষ্টা করছিল ওরা। বিশালদেহী গোলকিপারকে পরাস্ত করে গোল দিতে গিয়ে ছেলেগুলোকে রীতিমতো ‘জ্যামিতি’ করতে হয়েছে। হাতির দল একে তো ধুপুসধাপুস করে ছোটে, তার ওপর ‘হ্যান্ডবলের’ বালাই নেই। চার পায়ে ‘ড্রিবলিং’ ছাড়াও শুঁড় দিয়ে বল আঁকড়ে ধরে নিশ্চিন্তে গোল দিয়েছে তারা। তাই বলে স্কুল ছাত্ররাও পিছিয়ে থাকেনি। তাই তো ৩০ মিনিটের খেলা শেষে ফলাফল দাঁড়াল ৩-৩!
তারপর? শ্বাসরুদ্ধকর টাইব্রেকার! বাচ্চাকাচ্চার দল কি পেরেছিল হাতি একাদশকে হারিয়ে দিতে?
হ্যঁা! গোলকিপার হাতিটি গোলপোস্টের সামনে দেয়াল তুলে দিলেও, স্কুলছাত্রদের দুর্দান্ত শট ঠেকাতে পারেনি। টাইব্রেকারে হাতি একাদশ হেরে গেছে ৫-২ গোলে!
মো. সাইফুল্লাহ
সূত্র: এসএনটিভি