হাতির প্রাণহানি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর, শেরপুর ও ময়মনসিংহে ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত হাতির আক্রমণে মৃত্যু হয়েছে  ৪৩ জনের। অন্যদিকে মানুষের হাতে মারা পড়েছে ১৮টি হাতি
জামালপুর, শেরপুর ও ময়মনসিংহে ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত হাতির আক্রমণে মৃত্যু হয়েছে ৪৩ জনের। অন্যদিকে মানুষের হাতে মারা পড়েছে ১৮টি হাতি

ভারত সীমান্তবর্তী শেরপুর জেলার গারো পাহাড় এলাকায় হাতি ও মানুষের সহাবস্থান সৃষ্টি করতে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ নেওয়া হয়। তবু বেড়ে চলেছে হাতি ও মানুষের প্রাণহানি।
ময়মনসিংহ বন বিভাগ ও শেরপুর জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে গারো পাহাড় এলাকায় হাতির সংখ্যা ৫০ ছাড়িয়েছে। তাদের আবাস শেরপুরের সীমান্তবর্তী ৮ হাজার ৩৭৬ একরের বনভূমি। ধান ও কাঁঠালের মৌসুমে খাদ্যের সন্ধানে প্রতি রাতে হাতিগুলো পাল বেঁধে চলে আসে সমতলে। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পর্যন্ত এলাকা চষে বেড়ায়। তখন হাতির আতঙ্কে গ্রামবাসীর নির্ঘুম রাত কাটে। ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে ৪৩ জনের। আহত হয়েছে পাঁচ শতাধিক লোক। অন্যদিকে মানুষের হাতে মারা পড়েছে ১৮টি হাতি। এর মধ্যে ২০১৪ থেকে এ পর্যন্ত (আড়াই বছর) প্রাণ গেছে ১০ জন মানুষের। একই সময়ে হাতি মারা গেছে ১১টি। এ ছাড়া হাতির আক্রমণে ঘরবাড়ি, গাছপালাসহ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ বিনষ্ট হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কৃষি মৌসুমে হাতি তাড়াতে পাহাড়ি গ্রামগুলোতে মানুষ মশাল জ্বালিয়ে, হই-হুল্লোড় করে ও ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা চলে।
নালিতাবাড়ী উপজেলার কালাপানি গ্রামের সুজালা মারাক (৪৫) বলেন, ‘ধান, কাঁঠাল পাকলেই হাতির পাল আমগর গ্রামে নাইমা আসে। ঘরবাড়ি ভাইঙা ফালায়। পোলাপান লইয়া রাত জাইগা বইসা থাকি। কী করমু, তহন তো কোনো উপায় থাহে না।’
ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রামের আন্তনী মারাক (৫০) বলেন, ‘প্রতিবছর হাতি তাড়াইবার যাইয়া মানুষের মৃত্যু অয়। সেই সঙ্গে হাতিও মারা পড়ে। হাতিই বা কী করব? তাগরেও তো খাওন লাগে। সরকারিভাবে হাতিগর খাওনের ব্যবস্থা অইলে তারা লোকালয়ে কম আইত। তাইলে সবারই উপকার অইত।’
বন বিভাগ বলছে, তারা ২০১৫ সালে গারো পাহাড়ের তাওয়াকুচি ও কনঝুড়া এলাকায় ১০০ হেক্টর বনভূমিতে হাতির খাদ্য উপযোগী বাগান তৈরি করেছে। এ ছাড়া হাতি প্রতিরোধে তাওয়াকুচি, ছোট গজনী, বড় গজনী, হালচাটি ও মায়াঘাসি এলাকায় ১৩ কিলোমিটারে লেবু ও বেতকাটার বাগান করা হয়েছে।
এর বাইরে হাতি তাড়াতে বিভিন্ন সময় পাহাড়ি গ্রামগুলোতে সরকারি-বেসরকারিভাবে চার্জার লাইট, সার্চলাইট, টর্চলাইট, রেইনকোট, হ্যান্ডমাইক ও জেনারেটর বিতরণ করা হয়েছে। প্রকৃতি সংরক্ষণ-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইইউসিএন) এলাকায় ২৩টি ‘হাতি প্রতিরোধ কমিটি’ গঠন করে দিয়েছে। প্রতিটি কমিটিতে ১০ জন করে প্রশিক্ষিত সদস্য রয়েছেন।
আইইউসিএনের শেরপুর কার্যালয়ের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, প্রতিরোধ কমিটির পাশাপাশি এলাকায় ১৬টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে নজরদারি করা হবে। হাতি লোকালয়ে নামার আগেই গ্রামবাসীকে সতর্ক করা হবে।
শেরপুর জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মানুষ ও হাতির মৃত্যু এড়াতে সবচেয়ে বেশি দরকার সচেতনতা সৃষ্টি। এ জন্য বন বিভাগের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) গোবিন্দ রায় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় হাতি খুবই উপকারী প্রাণী। তাই তাদের সঙ্গে মানুষের সহাবস্থান কীভাবে নিশ্চিত করা যায়, সেই চেষ্টাই করছে বন বিভাগ।