হাতির বিরুদ্ধে থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো

হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বোয়ালখালীর এক কৃষক। বন্য হাতির পাল এসে ওই ব্যক্তির ধানের গোলা ভেঙে ধান খেয়ে ফেলেছে। এ কারণে হাতির উপদ্রব বন্ধে পুলিশের সহযোগিতা চেয়েছেন নিপুল কুমার সেন নামের ওই ব্যক্তি।

গতকাল শনিবার রাতে নিপুল জিডি করেন। নিপুল বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের বাসিন্দা। আগে তিনি ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তাঁর অনেক কৃষিজমি রয়েছে।

জিডিতে নিপুল অভিযোগ করেন, চলতি মৌসুমে তাঁর জমি থেকে তোলা প্রায় দেড় মেট্রিক টন ধান তিনি নিজস্ব টিনের গোলায় রেখেছিলেন। ওখান থেকে ধান খেয়ে ফেলে হাতি।

নিপুল সেন প্রথম আলোকে বলেন, ‘২৩ নভেম্বর রাতে আমার ধানের গোলার টিন উল্টিয়ে ৩টি হাতি প্রায় ২০ মণ ধান খেয়ে ফেলেছে। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পায়। তখন রাত তিনটা। প্রতিবেশীরা আমাদের ডেকে তোলে। তখন সবাই মিলে হাতির পাল তাড়ানোর চেষ্টা করেছি।’

এরপরও হাতি সুযোগ বুঝে পাড়ায় ঢুকছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘উপায় না দেখে আমি থানায় জিডি করেছি। বন বিভাগের নম্বর না থাকায় পুলিশকে সহযোগিতা করতে বলেছি। পুলিশ আজ (রোববার) রাতে আবার দেখা করতে বলেছে।’

একই দিন হাতি জ্যৈষ্ঠপুরা গ্রামের মৃদুল সওদাগর বাড়ির দয়ালের এক বস্তা ধানও খেয়ে ফেলেছে বলে জানা গেছে। জ্যেষ্ঠপুরা গ্রামটি পাহাড়ের পাশে। গ্রামবাসী জানান, এখন প্রতি রাতে সেখানে হাতি নেমে আসে। এখন কৃষকের বাড়িতে আমন ধান উঠেছে। বাড়ির উঠান ও গোলায় নতুন ধান রাখা হচ্ছে। এই লোভে হাতির পাল ছুটে আসছে বলে এলাকাবাসী মনে করছেন।

জিডি গ্রহণের তথ্য নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘প্রায়ই করলডেঙ্গা পাহাড় থেকে ওই এলাকার লোকালয়ে হাতির পাল চলে আসে। এবারও সম্ভবত এসেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমরা খতিয়ে দেখছি। তবে আমরা বিষয়টি বন বিভাগকেও জানিয়ে রাখব।’

দুই বছর আগে বোয়ালখালীতে হাতির আক্রমণে এক ব্যক্তি মারা গিয়েছিলেন।