হাতির ভয়ে টংঘরে
চারপাশে গভীর বন। নিধনের কারণে বনে এখন গাছের আকাল। তবু এখানে বিশাল বিশাল সেগুনগাছ চোখে পড়ে এখনো। সেই বনের মাঝখানেই ছোট্ট একটি গ্রাম। নাম ব্যাঙডেবা। বন বিভাগের উঁচু-নিচু প্রায় ২০ একর জমির ওপর ৮৫টি পরিবারের বাস এই গ্রামে। গ্রামে ঘুরতে বেরোলে কিছুক্ষণ পর পর গাছের ওপর টংঘর চোখে পড়ে। কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের এই ব্যাঙডেবা গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায়ই বন্য হাতি আক্রমণ চালিয়ে ফসল তছনছ করে। অনেক সময় হাতির পায়ে পিষ্ট হয়ে মানুষ মারা যায়। দিনে বা রাতে হাতি যে বাড়িতে আক্রমণ করে, সে বাড়ির লোকজন টংঘরে উঠে পড়ে। সেখান থেকে মশাল জ্বালিয়ে, হই-হল্লা করে হাতি তাড়ানোর চেষ্টা করে। গোটা গ্রামে এমন ৩০-৪০টি টংঘর রয়েছে। বছরখানেক আগে এক বিকেলে গ্রামের নাজির আহমদের বাড়িতে বন্য হাতির দল আক্রমণ করে। এতে তাঁর এক বছরের শিশু লাল পুতু ও নাতনি পুতু আক্তার (৬) মারা যায়। সেই থেকে হাতি এখানকার মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দেয়। এখন এমন কোনো দিন নেই যে হাতি এই গ্রামে আসে না। প্রতিদিনই নষ্ট করছে কারও না কারও ফলের বাগান, ধানখেত ও বসতবাড়ি। এ অবস্থায় প্রাণে বাঁচতে এবং হাতি তাড়াতে স্থানীয় লোকজনের আশ্রয়স্থল এই টংঘর। গ্রামবাসী জানান, এমনও রাত গেছে যে হাতির দল চলে না যাওয়ায় সারা রাত কয়েকটি পরিবারকে টংঘরে কাটাতে হয়েছে। গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম জানান, গত ১০ বছরে এই গ্রামে আবদুল করিম (৫০), আলী আকবর (৪০), আবদুর রশিদ (৫০), আবদুল আজিজসহ (৫২) কমপক্ষে ১৫ জন হাতির আক্রমণে মারা গেছেন। তিনি আরও জানান, এলাকাটি বেশ দুর্গম হলেও এখানকার মাটি খুব উর্বর। এখানে সবজি ও ধানের ফলন ভালো হয়। কিন্তু এখানকার মানুষের প্রধান শত্রু হচ্ছে হাতি। হাতির কারণে অতি যত্নে চাষাবাদ করেও সেই ফসল পুরোটা ঘরে তোলা যায় না। বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ জানান, কার্যালয়ে একটি বন্দুক ও দুটি চায়নিজ রাইফেল আছে। এই অস্ত্র বন রক্ষার চেয়ে হাতির আক্রমণ ঠেকাতে বেশি ব্যবহার করতে হয়। তাঁর কার্যালয়সহ এই গ্রামে ৩০-৪০টি টংঘর আছে।ব্যাঙডেবা গ্রামের সর্দার আমির সুলতান জানান, এখানে নিজস্ব কারও জমি নেই। বন বিভাগের প্রায় ২০ একর জায়গার ওপর বসতি ও চাষাবাদ করে চলে ৮৫টি পরিবার। বিনিময়ে গ্রামবাসী পালা করে বন বিভাগকে বন রক্ষায় সহযোগিতা করেন। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিমুল করিম জানান, গ্রামটি রামু উপজেলায় হলেও যোগাযোগের পরিকল্পিত কোনো রাস্তা না থাকায় নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে এখানকার মানুষকে প্রয়োজনীয় কাজ সারতে হয়। তাও বাইশারী যেতে হয় প্রায় দুই কিলোমিটার উঁচু-নিচু পাহাড়, ঝিরি পাড়ি দিয়ে। আর রামুতে আসতে হলে সেখান থেকে আরও ৩৫ কিলোমিটার পথ গাড়িতে পাড়ি দিতে হয়। রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার প্রথম আলোকে বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে জোয়ারিয়ানালা-ব্যাঙডেবা সড়কটি হওয়ার কথা। প্রকল্পের টাকা লুটপাট হওয়ায় কাজের কাজ কিছুই হয়নি। তিনি বলেন, সড়কটি হয়ে গেলে এখানে একে একে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে।