হাতির ভয়ে টংঘরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম ব্যাঙডেপা গ্রামে ৮৭টি পরিবারের বাস। গ্রামটিতে প্রায়ই তাণ্ডব চালায় বন্য হাতির পাল। ধান, মরিচসহ মৌসুমি ফসলের খেত নষ্ট করে। ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়। মানুষকে পদদলিত করে। প্রাণ বাঁচাতে অনেক মানুষ উঁচু গাছে টংঘরে আশ্রয় নেয়।দুই বছর আগের ঘটনা। এই গ্রামের নাজির আহমদের বাড়িতে এক পাল হাতির আক্রমণে তাঁর এক বছরের শিশু লাল পুতু ও নাতনি পুতু আক্তার (৬) প্রাণ হারায়। এ ঘটনার পর থেকে গ্রামের মানুষ হাতি-আতঙ্কে দিন কাটায়। গ্রামের একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরত আলম প্রথম আলোকে জানান, গত ১০ বছরে বন্য হাতির আক্রমণে নারী, শিশুসহ অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে।গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘হাতি কখন আসবে না-আসবে, ঠিক নেই। তবে ফসলের মৌসুমে হাতির উপদ্রব বেড়ে যায়। গত এক মাসে প্রায় ২০ বার বন্য হাতির দল এ গ্রামে হানা দিয়েছে। ধান, মরিচখেত, ফলের বাগান, ঘরবাড়ি নষ্ট করেছে। ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা হিসাব করি না। আমাদের সবচেয়ে ভয়, কখন না হাতির আক্রমণে প্রাণ হারাতে হয়।’পূর্ব দিকের গহিন অরণ্য পার হয়ে ব্যাঙডেপা গ্রামে ঢুকতে প্রথমেই নাজিরের বাড়ি। নাজির জানান, তাঁর পাঁচ ছেলেমেয়ে। প্রায় দুই বছর আগে তাঁর স্ত্রী মারা গেছে। এখন তিনিই ছেলেমেয়েদের দেখাশোনা করেন। তাদের নিয়ে প্রায় প্রতিদিন মই বেয়ে টংঘরে উঠতে হয় তাঁকে। বছরের বেশির ভাগ সময় ছেলেমেয়েদের নিয়ে টংঘরেই কাটান নাজির। এ গ্রামে অবস্থিত বন বিভাগের বিট কর্মকর্তার কার্যালয়ের উঠানের আমগাছের ওপরও রয়েছে একটি টংঘর। বিট কর্মকর্তা মো. আলী নেওয়াজ বলেন, ‘হাতি এলে ওই টংঘরে আশ্রয় নিই। এ ছাড়া হাতিকে ভয় দেখাতে, প্রয়োজনে টংঘরে উঠে ফাঁকা গুলি ছুড়তে হয়। এ ধরনের ৩০-৪০টি টংঘর রয়েছে।’ একাধিক বাসিন্দা জানান, হাতির পাল গ্রামে ঢুকলে এসব টংঘরে উঠে মশাল জ্বালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়। এতেও অনেক সময় হাতির পাল যায় না। তখন সারা রাত টংঘরে থাকতে হয়।