হাতির ভয়ে নির্ঘুম দুই ইউনিয়নবাসী
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ও ঈদগড় ইউনিয়নের পাহাড়ি এলাকায় বুনো হাতির উপদ্রব আবারও বেড়ে গেছে। গত শনিবার বিকেলে ঈদগড়ের নতুন পাড়ায় হাতির আক্রমণে মারা গেছেন কাঠুরিয়া সৈয়দ নুর (৩৮)। এই নিয়ে গত এক মাসে এখানে হাতির আক্রমণে বসতবাড়িসহ ২০ লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট হয়েছে।কাঠুরিয়া মো. আলী জানান, গত শনিবার সকালে সৈয়দ নুরসহ তাঁরা তিনজন নতুন পাড়াসংলগ্ন বনে লাকড়ি সংগ্রহ করতে যান। ফেরার পথে দলছুট একটি হাতি তাঁদের আক্রমণ করে। এ সময় তাঁরা দুজন পালিয়ে বাঁচলেও নুরকে হাতি শুঁড় দিয়ে ধরে ফেলে। রাত নয়টার দিকে এলাকাবাসী তাঁর মৃতদেহ উদ্ধার করে। নিহত নুর ঈদগাঁও মধ্যম গজালিয়ার মৃত পেঠান আলীর ছেলে।খুুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়ার বাসিন্দা দানুমিয়া ও সিরাজুল ইসলাম জানান, গত ২২ জানুয়ারি রাতে দলছুট একটি বুনো হাতি হামলা চালিয়ে এ পাড়ার ২০টি বসতঘর গুঁড়িয়ে দেয়। এর তিন দিন পর আটটি হাতি আবার ইদ্রিস মিয়ার বসতবাড়ি ও গোয়ালঘরে হামলা করে।এ ইউনিয়নের থোয়াইংগ্যা কাটা এলাকার মো. ফারুখ আহম্মদ ও নুরুল ইসলাম জানান, ২ ফেব্রুয়ারি হাতির পাল হামলা চালিয়ে তাঁদের পাড়ার পাঁচটি পানের বরজ নষ্ট করেছে। জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত এলাকার ৮০টি বসতঘর, চারটি গোয়াল ঘর গুঁড়িয়ে দিয়েছে হাতি। এ সময় কলার বাগান, নতুন তোলা ধানসহ অন্তত ২০ লাখ টাকার ফসল নষ্ট হয়।খুনিয়াপালং ইউপি সদস্য লিয়াকত আলী ও স্থানীয় বাসিন্দা নুরুল হক জানান, হাতির আক্রমণে ইউনিয়নের ঠুংগাডেবা, তুলাবাগান, ধোয়াপালং, থোয়াইংগ্যা কাটাসহ প্রায় ১০টি গ্রামের ৩০ হাজার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে।খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুছ ছালাম জানান, গাছ কেটে ফেলায় বনাঞ্চল আর আগের মতো নেই। মূলত খাবারের অভাবেই হাতির পাল লোকালয়ে হানা দিচ্ছে। প্রতিবছরই ধান কাটার সময় হাতির উপদ্রব বেড়ে যায়। পাহারা বসিয়ে ও মশাল জ্বালিয়েও হাতির আক্রমণ ঠেকানো যাচ্ছে না।