হাতির ভয়ে রাতে ঘরছাড়া মানুষ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সার্বোতলী ও আমতলী ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ বন্য হাতির আতঙ্কে আছেন। সন্ধ্যা নামলেই হাতির ভয়ে এলাকার বহু লোক ঘর ছেড়ে অন্যত্র নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। হাতির আক্রমণ ঠেকাতে লোকজন আগুন জ্বালিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে। এলাকাবাসী জানায়, গত এক সপ্তাহে সার্বোতলীর শিলোমুড়া, জুডো খামার, গলাচিপা, চিন্তারামছড়া, তাংগুমাছড়া ও মহিষপয্যা গ্রামে হাতির তাণ্ডবে আহত হয়েছে অন্তত ২০ জন। এ ছাড়া হাতির পাল এসব গ্রামে বেশ কিছু ঘরবাড়ি ও অনেক খেত নষ্ট করেছে। অনেকে ভয়ে রাতে অন্যত্র আশ্রয় নেয়। হাতির তাণ্ডবে অতিষ্ঠ চিন্তারামছড়া গ্রামের লোকজন গত মাসে একটি বন্য হাতি হত্যা করেছে। এরপর থেকে বন্য হাতির দল আরও বেপরোয়া হয়ে উঠেছে। এ ছাড়া সার্বোতলী ইউনিয়নের সর্বোতলী, হিরাচর, চুরাখলী, পেরাছড়া, আমতলীর মাহিল্যা, দশ নম্বর পাড়া, হাকয্যা ও বৈরাগী বাজার গ্রামে প্রায়ই বন্য হাতি হামলা চালাচ্ছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠ পাচারকারীরা পাহাড়ি এলাকার সংরক্ষিত বনের অনেক গাছ কেটে সাবাড় করে ফেলেছে। এতে হাতিসহ বিভিন্ন বন্য প্রাণীর আবাসস্থল কমে গেছে। পাশাপাশি এসব প্রাণীর খাদ্যাভাব দেখা দিয়েছে। এ কারণে হাতির পাল খাবারের খোঁজে বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে। উপজেলায় গত পাঁচ বছরে হাতির আক্রমণে ৪৫ জন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছে। হাতির তাণ্ডবে অনেক ঘরবাড়ি ধ্বংস ও বিপুল অর্থের ফসলহানি হয়েছে। সার্বোতলী ইউনিয়ন পরিষদের সদস্য ত্রিদীপ চাকমা জানান, হাতি আতঙ্কে চিন্তারামছড়ার শতশত পরিবারের লোকজন রাতে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। অনেকে আগুন জ্বালিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া বলেন, মাঝেমধ্যে গ্রামে হাতির আক্রমণের খবর পাওয়া যায়। কিন্তু লিখিতভাবে কেউ অভিযোগ করেনি।