হাতির ভয়ে সাত গ্রামের মানুষের নির্ঘুম রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বন্য হাতির আক্রমণের ভয়ে নির্ঘুম রাত কাটছে ভারত সীমান্তঘেঁষা পঞ্চগড়ের বাংলাবান্ধার সাতটি গ্রামের মানুষের। এসব গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় সারা রাত আগুন জ্বালিয়ে আতঙ্কিত লোকজন ধারালো অস্ত্র নিয়ে পাহারা বসায়।ধাইজানপাড়া, নারায়ণগঞ্জ, সরদারপাড়া, পাঠানপাড়া, সিপাইপাড়া, চতুরাগজ ও ভুগাড়ভিটা গ্রামের মানুষ আতঙ্কে রাত কাটিয়েছে। এসব গ্রামের মহিলা-শিশু ও বৃদ্ধরা সন্ধ্যার আগেই নিরাপদ আশ্রয়ে চলে যান। গত শুক্রবার সকালে ভারতের ফাঁসিদেওয়া সীমান্ত দিয়ে একটি বন্য হাতি বাংলাবান্ধায় ঢুকে তাণ্ডব চালিয়ে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে। বন্য হাতির আক্রমণে পাঠানপাড়া গ্রামের রিকশা-ভ্যানচালক রফিকুল ইসলামের মেয়ে রুমা (১৫) নিহত হয়। এর পরই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হাতিটিকে ধাওয়া করে। গ্রামবাসীর জানমাল রক্ষায় স্থানীয় গোয়ালগছ ও বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের সদস্য এবং তেঁতুলিয়া থানার পুলিশ অস্ত্র নিয়ে হাতির পিছু নেয়। পাঠানপাড়া থেকে হাতিটি প্রায় তিন কিলোমিটার দূরে ধাইজানপাড়ার একটি আখখেতে আশ্রয় নেয়। সন্ধ্যায় পঞ্চগড় জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন মিয়া হাতিটি গুলি করে মেরে ফেলার জন্য তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু গভীর রাতে অনেকের চোখ এড়িয়ে হাতিটি বাংলাবান্ধা সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে ভারতের ফুলবাড়ী এলাকায় ফিরে যায়।