ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি বন বিভাগের হেফাজতে থাকা বাচ্চাসহ হাতিটির মালিকানার ব্যাপারে সেখানকার আদালত কোনো সিদ্ধান্ত দেননি। এদিকে ফয়জুর রহমান চৌধুরী নামের আরেক ভারতীয় নাগরিক হাতি দুটির মালিকানা দাবি করেছেন।
গত মঙ্গলবার বিকেলে হাতি দুটিকে হাইলাকান্দি জেলা হাকিমের আদালতে হাজির করা হয়েছিল। আদালত ৩০ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
আসামে অবস্থানরত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মহিষ মারা গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমানের বরাত দিয়ে তাঁর বড় ভাই আবদুল মজিদ গতকাল বুধবার ফোনে প্রথম আলোকে মামলার খবর দেন। তিনি বলেন, মঙ্গলবার মোখলেসুরের পক্ষে তাঁর আইনজীবী উজ্জ্বল দাস আদালতকে জানান, পোষা মাদি হাতি ‘গুল আনোয়ার’ ও তার চার বছরের বাচ্চা ‘ফুলকলি’ গত জানুয়ারিতে বাংলাদেশ সীমান্ত থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় কুলাউড়া থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দেওয়া লিখিত আবেদনের অনুলিপিও আদালতে জমা দেন আইনজীবী।
আবদুল মজিদ আরও বলেন, মঙ্গলবার আসামের উমেদনগর এলাকার ফয়জুর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি আদালতে এসে মা হাতিটি তাঁর বলে দাবি করেন। তাঁর দাবি, ‘যৌবনমালা’ নামের এই হাতিটি ১৯৯৭ সালে নিখোঁজ হয়। আদালত তখন নতুন শুনানির দিন ধার্য করেন।
ফেব্রুয়ারি মাসে হাইলাকান্দির পুলিশ বাচ্চাসহ মা হাতিটিকে পায়। খবর পেয়ে সেখানে ছুটে যান হাতি হারানো মোখলেসুর। তখন হাইলাকান্দির মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তি হাতি দুটির মালিকানা দাবি করে জেলা আদালতে মামলা ঠুকে দেন। প্রকৃত মালিকানা নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ১৬ জুন আদালত হাতি দুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে পরিচয় শনাক্তের জন্য বন বিভাগের কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।