হাতির মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি
ভারতের আসাম থেকে বানের পানিতে ভেসে আসা বুনো হাতিটির মৃত্যুর কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ীর কয়ড়া গ্রামে গত মঙ্গলবার সকালে হাতিটি মারা যায়। এর মৃত্যুর কারণ জানতে এবং ঘটনা তদন্তে ওই দিন রাতেই ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় জামালপুরের সহকারী বন সংরক্ষক আবদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির অন্য চার সদস্য হলেন ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন নিজাম উদ্দিন চৌধুরী এবং শেরপুরের বন্য প্রাণী ব্যবস্থাপনা বিভাগের বন্য প্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, হাতির মৃত্যুর ঘটনা তদন্ত করে শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।
গত ২৮ জুন হাতিটি কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে পানিতে ভেসে বগুড়া হয়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম ছিন্নার চরে আসে। গত ১৮ জুলাই থেকে ১১ দিন সেখানে অবস্থান করার পর গত ২৭ জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসে।