হাতির মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম থেকে বানের পানিতে ভেসে আসা বুনো হাতিটির মৃত্যুর কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ীর কয়ড়া গ্রামে গত মঙ্গলবার সকালে হাতিটি মারা যায়। মৃত্যুর কারণ জানতে এবং ঘটনা তদন্তে ওই দিন রাতেই ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় জামালপুরের সহকারী বন সংরক্ষক আবদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেন।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, ঘটনা তদন্ত করে শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।
বন অধিদপ্তরের বক্তব্য: গতকাল বন অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, বন বিভাগের টিম সার্বক্ষণিকভাবে হাতিটি উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছে। তার শরীরে পানি ছিটানো ও স্যালাইন প্রয়োগ করা হয়। হাতিটি পানিশূন্যতা, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা ও পরিবেশগত চাপের কারণে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।