হাতির শুঁড়ে জীবন গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
magura
magura

‘সেলামি বা চাঁদাবাজির’ জন্য বের হওয়া সার্কাসের এক হাতির আক্রমণে প্রাণ গেছে এক শিশুর। গতকাল বুধবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মেহেদী হাসান (৭)। সে ওই গ্রামের টুটুল বিশ্বাসের ছেলে। মেহেদী স্থানীয় জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ঘটনার পর হাতি রেখে দুই মাহুত পালিয়ে গেছেন।

হাতির মালিক সিলেটের। ফরিদপুরে এক সার্কাস দলের হয়ে এসেছিল খেলা দেখাতে। গতকাল হাতিটি নিয়ে দুই মাহুত গ্রামে গ্রামে ঘুরতে বের হন। পথঘাটে, হাট-বাজারে পথচারীদের কাছ থেকে খাবার ও টাকাপয়সা সংগ্রহ করেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ফরিদপুরে সার্কাসে আসা ওই হাতিটি নিয়ে দুজন মাহুত গয়েশপুর গ্রামে আসে। সন্ধ্যা সাতটার দিকে দুই মাহুত হাতিটিকে গ্রামের একটি গাছের সঙ্গে দুই পা বেঁধে পাশে দোকানে চা পান করতে যান। এ সময় গ্রামের কৌতূহলী কয়েকটি শিশু বেঁধে রাখা ওই হাতি দেখতে সেখানে ভিড় করে। শিশুরা হাতিকে লতাপাতা ও খাবার দিতে গেলে হাতিটি মেহেদীকে শুঁড় দিয়ে ওপরে তুলে মাটিতে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন এসে মেহেদীকে উদ্ধার করে। তবে ততক্ষণে সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, শিশুটি মারা যাওয়ার খবর শুনে দুই মাহুত হাতি রেখে পালিয়েছেন। শিশুর পরিবারের কেউ মামলা করেনি। লাশ দাফনের জন্য তারা নিয়ে গেছে। হাতিটির দুই পা শক্ত করে ওই গ্রামের একটি গাছের সঙ্গে এখনো বাঁধা রয়েছে। মালিকপক্ষের কেউ যোগাযোগ করেনি।