হাতির হামলায় তিনজন নিহত
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পোষা হাতির হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার হাতিটি গোপালগঞ্জ জেলার গুনাপাড়া এলাকা থেকে শিকল ছিঁড়ে মোল্লাহাট উপজেলায় ঢুকে ওই ঘটনা ঘটায়। এ সময় হাতিটি অন্তত সাতটি বসতঘর ভাঙচুর করে।
নিহত ব্যক্তিরা হলেন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মনোয়ারা বেগম (৪৫), মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের কুসুম বিশ্বাস (৬১) ও বাসাবাড়ি গ্রামের মিজানুর রহমান ফকির (৪৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে হাতিটি শিকল ছিঁড়ে মধুমতি নদী পার হয়ে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গারফা গ্রামে ঢুকে পড়ে। সেখানে মনোয়ারা বেগম তাঁর জামাতার বাড়িতে বেড়াতে এসেছিলেন। হাতি বসতঘর ভাঙচুর করলে তিনি তাতে গুরুতর আহত হন। পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর হাতিটি কাহালপুর গ্রামের পথচারী কুসুম ও বাসাবাড়ি গ্রামের মিজানকে আছাড় ও পা দিয়ে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা প্রাণ হারান। প্রায় আড়াই ঘণ্টা পর সকালের দিকে হাতির মাহুত ও পুলিশের সহযোগিতায় বাসাবাড়ির গ্রামের লোকজন হাতিটিকে শান্ত করতে সক্ষম হন।
হাতির মাহুত মো. ফারুক বলেন, হাতিটির মালিক মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মতিয়ার রহমান। তাঁর আরও একটি পোষা স্ত্রী হাতি আছে। তিনি বিভিন্ন স্থানে সার্কাস দলের কাছে হাতি ভাড়া দেন। গত শুক্রবার হাতিটিকে বাগেরহাটের ফকিরহাট থেকে গোপালগঞ্জের গুনাপাড়া এলাকায় আনা হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, কুসুম ও মিজানের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হাতির মালিক হাতিটি সরিয়ে নিতে না পারলে পরে ব্যবস্থা নেওয়া হবে।