খুলে গেল রামপুরা ইউলুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিরঝিলে দক্ষিণ ইউলুপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর যানবাহন চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
হাতিরঝিলে দক্ষিণ ইউলুপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর যানবাহন চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

হাতিরঝিল প্রকল্পের রামপুরা দক্ষিণ ইউ আকৃতির গাড়ি চলাচল সেতু বা ইউলুপে যান চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এরপর সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এখন থেকে এই ইউলুপে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যান চলতে পারবে।
গতকাল দুপুরে রামপুরায় গিয়ে দেখা যায় ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো ইউলুপের দুই পাশের লোহার রেলিং। উদ্বোধনের পর উৎসুক লোকজন সেতু ঘুরে দেখছে। প্রথম তিন ঘণ্টায় সেতুতে তেমন গাড়ি উঠতে দেখা যায়নি। মাঝেমধ্যে দু-একটা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল ইউলুপের পূর্ব পাশ থেকে উঠে পশ্চিম পাশের হাতিরঝিলে ঢুকতে দেখা যায়। সন্ধ্যা থেকে ইউলুপের মাধ্যমে সড়ক পারাপার হওয়া গাড়ির সংখ্যা বাড়তে থাকে।
ইউলুপের পূর্ব পাশে বনশ্রী প্রধান সড়ক, পশ্চিম পাশে হাতিরঝিল ও বাড্ডা প্রগতি সরণি। চলাচলের সুবিধার্থে সেতুর মাঝখানে আছে লেন বিভাজক সাদা দাগ। বনশ্রী মূল সড়ক থেকে ইউলুপ চত্বর ঘুরে সেতুতে উঠলে নামতে হবে প্রগতি সরণি অথবা হাতিরঝিলের শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরের সামনের সড়কে। একইভাবে হাতিরঝিল থেকে সরাসরি ঢোকা যাবে প্রগতি সরণিতে। আর সেতুতে উঠলে নামতে হবে পূর্ব পাশের ইউলুপ চত্বরে। সেখান থেকে বনশ্রী মূল সড়ক ও প্রগতি সরণিতে ঢোকার জন্য আছে আলাদা লেন। বনশ্রী প্রধান সড়কের যানজট ঠেলে ইউলুপে ওঠার আগে মোটরসাইকেল আরোহী সুমন আনোয়ার আনন্দের সঙ্গে বলেন, ‘ইউলুপ দিয়ে হাতিরঝিলে নামব। কারওয়ান বাজার হয়ে সোজা ধানমন্ডি চলে যাব। এখন থেকে আর অতিরিক্ত পথ ঘুরতে হবে না। স্বস্তিতে চলাফেরা করা যাবে।’ স্থানীয় কয়েকজন বলেন, ব্যক্তিগত গাড়িগুলো ইউলুপ ব্যবহার করলে যানজট কমবে। সেতু চালু হওয়ায় বনশ্রী মূল সড়ক দিয়ে যাতায়াত করা মেরাদিয়া, গোড়ান, মাদারটেক, বাসাবো, ডেমরা, স্টাফ কোয়ার্টার, গাউছিয়া, ভৈরবসহ আশপাশের বিভিন্ন এলাকার লোকজন সহজেই গুলশান, বাড্ডা, উত্তরা, কুড়িল বিশ্বরোড, টঙ্গী, গাজীপুর ও হাতিরঝিল হয়ে কারওয়ান বাজার, ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, গুলিস্তানসহ পার্শ্ববর্তী এলাকাগুলোয় ঢুকতে পারবে।
রামপুরা ব্রিজ-সংলগ্ন বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনের এই ইউলুপের নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের শুরুতে। নকশা অনুযায়ী ৪৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতুর প্রস্থ কোথাও ৭ দশমিক ৭ মিটার, কোথাও ১০ দশমিক ৭ মিটার।
প্রগতি সরণির মধ্য বাড্ডায় একই প্রকল্পের আরেকটি ইউ আকৃতির সেতু উত্তর ইউলুপের নির্মাণকাজ চলছে। বর্তমানে নির্মাণাধীন এ সেতুর পূর্ব অংশের থাম, ঢালাই ও লোহার খাঁচা নির্মাণ চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামাল আক্তার ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন পর এই ইউলুপ চালুর মাধ্যমে বাড্ডা ও বনশ্রী এলাকার যানজট সমস্যা অনেকাংশে কমে যাবে। পাশাপাশি হাতিরঝিল প্রকল্পের আরও একটি অংশের কাজ সম্পন্ন হলো। এরই সঙ্গে সাধারণ মানুষের চাহিদা পূরণ হলো আর পুরো প্রকল্পের সৌন্দর্যও বাড়ল।’