হাতিরঝিল প্রকল্পের কেবল বয়স বাড়ছে
রাজধানীর বহুল আলোচিত ‘বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প’-এর কাজ প্রায় চার বছরে হয়েছে অর্ধেকের মতো। অথচ প্রকল্পটি শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল ২০০৯ সালের জুন। পরে সময় বাড়িয়ে প্রথমে গত বছরের জুন এবং পরে আগামী বছরের ডিসেম্বরে প্রকল্প শেষ করার সময় নির্ধারণ করা হয়।প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থাগুলোর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সর্বশেষ নির্ধারণ করা সময়েও প্রকল্প শেষ করে চালু করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৫০০ কোটি টাকা।বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয় ২০০৭ সালে। এটি বাস্তবায়ন করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে ঢাকা ওয়াসা এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। মগবাজার-পরীবাগ-কারওয়ান বাজার-তেজগাঁওসহ রাজধানীর বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা দূর করতে এই প্রকল্প নেওয়া হয়। পাশাপাশি এর মাধ্যমে মালিবাগ, রামপুরা এলাকার যানজটও কমবে।প্রকল্পের অগ্রগতি: সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্প এলাকায় চারটি ওভারপাস, চারটি সেতু এবং দুটি ভাইয়া ডাক্ট (এক ধরনের সেতু) থাকছে। বেগুনবাড়ি খাল এলাকা, মধুবাগ, নিকেতনে আড়ংয়ের পেছনে, পুলিশ প্লাজা, টঙ্গী ডাইভারসন রোডে এসব সেতু ও ওভারপাস নির্মিত হচ্ছে। মূল ভিতসহ সেতুগুলোর ৫০-৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। মীর আখতার হোসেন, মোনিকো লিমিটেড, ডিসিএলসহ পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান এসব সেতু ও ওভারপাস নির্মাণ করছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোনারগাঁও হোটেলের পেছন থেকে রামপুরা সেতু হয়ে নিকেতন ও গুলশান হয়ে চক্রাকারে ঘুরে আসা প্রকল্প এলাকার মোট ১১ কিলোমিটার সড়ক এবং মাটির নিচে বৃষ্টির পানি প্রবাহের ড্রেনেজ লাইনের কাজ চলছে ঢিমেতালে। তবে শুরুর দিকে কাজ হয়েছে দ্রুত গতিতে। প্রকল্পে জনবল আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসায় কাজের অগ্রগতি কম।প্রকল্প পরিচালক বিভাগ সূত্র জানায়, প্রকল্প এলাকাকে বিনোদন কেন্দ্রস্থল করারও একটি উদ্যোগ নেওয়া হয়েছে।বিলম্বের কারণ: জমি অধিগ্রহণ, বাড়িঘর উচ্ছেদ এবং একাধিকবার নকশা পরিবর্তনের কারণে কাজ শেষ হতে বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিজিএমইএ ভবন নিয়ে জটিলতা এবং প্রকল্প এলাকার মধ্যে থাকা পাঁচটি মসজিদ সরানোর জন্য জায়গা অধিগ্রহণ না করায় সর্বশেষ নির্ধারণ করা সময়েও প্রকল্প শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মসজিদগুলোর মধ্যে দুটি রয়েছে বেগুনবাড়ি খাল পাড়ে, দুটি মধুবাগে এবং একটি মগবাজার এলাকায়। মসজিদ স্থানান্তরের জন্য কেবল জমি অধিগ্রহণ বাবদ খরচ পড়বে প্রায় ১০০ কোটি টাকা।যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, এ পর্যন্ত দুই দফায় জমি অধিগ্রহণ করা হয়েছে। মসজিদগুলো স্থানান্তরের জন্য তৃতীয় দফায় জমি অধিগ্রহণের ছোট একটি কাজও শুরু করা হয়েছে। এতে দেরি হওয়ার কথা নয়।এর আগে প্রকল্প এলাকায় দুই দফায় ২৯৯ একর জমি অধিগ্রহণে খরচ হয় ৯০০ কোটি টাকা। আরও তিন একর জমি অধিগ্রহণ করতে হবে। আর প্রকল্পকাজে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা।গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন বলেন, এ প্রকল্পে আর্থিকসংকট রয়েছে। নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ করতে হলে অন্যান্য প্রকল্প থেকে অর্থ আনতে হবে।বিজিএমইএ ভবন: প্রকল্প এলাকায় এ পর্যন্ত রাজউকের অনুমোদিত ৩৯টি ভবনসহ পাঁচ শতাধিক পাকা, আধাপাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে সোনারগাঁও হোটেলের পেছনে অবস্থিত বিজিএমইএ ভবন অপসারণের বিষয়টি এখনো সুরাহা হয়নি। বিষয়টি উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। গত ৩ এপ্রিল হাইকোর্টের এক রায়ে বিজিএমইএ ভবন ভেঙে জলাধার আগের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে ভবনটি খালি করতে বলা হয়। এতে স্থগিতাদেশ চেয়ে বিজিএমইএ আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়।এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান বলেন, আদালতে বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত রাজউক এ বিষয়ে কোনো উদ্যোগ নিতে পারে না।