হাতিরঝিলকে দুর্গন্ধমুক্ত করার দাবি
হাতিরঝিলকে দুর্গন্ধমুক্ত করার দাবি জানিয়েছে দেশপ্রেমিক জনগণের মঞ্চ নামে একটি সংগঠন। গতকাল মঙ্গলবার রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘হাতিরঝিলের বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক মুক্ত আলোচনায় এ দাবি জানানো হয়।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, হাতিরঝিলকে দুর্গন্ধময় কালো পানি ও দূষণমুক্ত করা দরকার। তা করতে পারলে নান্দনিক রূপে প্রতিষ্ঠিত হবে এই ঝিল। এ ছাড়া পানিতে ভাসমান রেস্তোরাঁ ও ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণের ব্যবস্থা করলে হাতিরঝিল হবে ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয়৷ এ জন্য হাতিরঝিলের উন্নয়নকাজে জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথভাবে নিজ দায়িত্ব পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, হাতিরঝিলে কোনো বর্জ্য ঢোকার কথা নয়। কিন্তু ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, পরীবাগ, তেজগাঁও, বেইলি রোড, মগবাজার, রামপুরাসহ প্রায় ১১টি পথ ধরে বৃষ্টির পানির সঙ্গে ক্রমাগত পয়োবর্জ্য ও আবর্জনা আসে হাতিরঝিলে। এ ছাড়া হাতিরঝিলের মাঝ দিয়ে ঢাকা ওয়াসার বড় একটি পয়োনিষ্কাশন লাইন আছে। এই লাইন বিভিন্ন স্থানে ফেলে ময়লা বের হচ্ছে, দূষিত হচ্ছে পানি।