
রাজধানীর হাতিরঝিলে একটি আন্তর্জাতিক মানের অপেরা হাউস নির্মাণের ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশ্বখ্যাত সিডনি অপেরা হাউসের আদলে ওই অপেরা হাউসটি নির্মিত হবে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার হাতিরঝিল ও গুলশান-বনানী লেকের উন্নয়নকাজ পরিদর্শনকালে মন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, গৃহায়ণ ও গণপূর্তসচিব শহীদ উমা খন্দকার, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবদিন ভূঁইয়া ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা হাতিরঝিল প্রকল্পের পূর্ব পাশে (গুলশান অংশে) অ্যাম্ফিথিয়েটারের (ছাদখোলা মুক্তমঞ্চ) নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন।
অপেরা হাউসের ব্যাপারে হাতিরঝিল প্রকল্পের পরিচালক মো. জামাল আখতার ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘হাতিরঝিলের মূল নকশায় এটা ছিল না। তবে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এটা যুক্ত করা হয়েছে।’
এই প্রকল্পের সঙ্গে যুক্ত স্থপতি ইকবাল হাবিব বলেন, এর মধ্যে অপেরা হাউসটি নির্মাণের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে।
হাতিরঝিল প্রকল্পটি গড়ে উঠেছে ৩০২ একর জমির ওপর। এ প্রকল্পের প্রধান লক্ষ্য রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগব্যবস্থা তৈরি। এ ছাড়া বৃষ্টির পানি ও পয়োনিষ্কাশনের মাধ্যমে রাজধানীর একটি বড় অংশের জলাবদ্ধতা দূর করা, নগরের নান্দনিক সৌন্দর্য বাড়ানো ও সার্বিক পরিবেশের উন্নয়নও এর লক্ষ্য।
এর মধ্যেই প্রকল্পে চারটি সেতু, চারটি ওভারপাস, ৮ দশমিক ৮ কিলোমিটার সার্ভিস সড়ক, ৮ কিলোমিটার এক্সপ্রেস সড়ক, ২৬০ মিটার ভায়াডাক্ট (সেতুপথ) এবং প্রায় ১২ কিলোমিটার হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। ওয়াসা, রাজউক ও এলজিইডির সহায়তা নিয়ে প্রকল্পের কাজ করছে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স ১৬ ইসিবি। পরামর্শকের দায়িত্ব পালন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আগামী জুনে এখানে ওয়াটার ট্যাক্সি সার্ভিস চালুর কথা আছে। এর মধ্যে চালু হয়েছে বৃত্তাকার বাস সার্ভিস।