হাতিরঝিলে অবৈধ পারাপার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের ট্রাফিক বিভাগ গতকাল হাতিরঝিলে অভিযান চালিয়ে মাইক্রোবাসে অবৈধভাবে যাত্রী পারাপার বন্ধ করে দেয় l প্রথম আলো
পুলিশের ট্রাফিক বিভাগ গতকাল হাতিরঝিলে অভিযান চালিয়ে মাইক্রোবাসে অবৈধভাবে যাত্রী পারাপার বন্ধ করে দেয় l প্রথম আলো

হাতিরঝিলের ভেতর দিয়ে মাইক্রোবাসে অবৈধভাবে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশের ট্রাফিক বিভাগ হাতিরঝিলে অভিযান চালিয়ে ১৯টি মাইক্রোবাস জব্দ করে। পুলিশের পক্ষ থেকে এ পথে মাইক্রোবাস না চালানোর জন্য মালিকদের সতর্ক করা হয়।
পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, গতকাল সকাল ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল অঞ্চলের ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আবু ইউসুফের নেতৃত্বে এফডিসি-সংলগ্ন হাতিরঝিল মোড়ে অভিযান চালানো হয়। এ সময় হাতিরঝিলে অবৈধভাবে চলাচলকারী ১৯টি মাইক্রোবাস যাত্রীর জন্য অপেক্ষায় ছিল। পুলিশ গাড়িগুলো আটক করে। পরে সেগুলো ঢাকা মহানগর পুলিশের পুরোনো গাড়ি রাখার স্থানে পাঠিয়ে দেওয়া হয়। সহকারী কমিশনার আবু ইউসুফ বলেন, অবৈধ মাইক্রোবাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গত আগস্টে এই এলাকায় শতাধিক মাইক্রোবাসের বিরুদ্ধে মামলা করা হয়।
এদিকে হাতিরঝিলে অভিযানের খবর পেয়ে বেশির ভাগ মাইক্রোবাস সরিয়ে নেওয়া হয়। অনেক যাত্রী পায়ে হেঁটে কিংবা যানজট পার হয়ে বিকল্প পথে যাতায়াত করেন। ফার্মগেটে অফিস করতে যাওয়া এক যাত্রী বলেন, ‘হাতিরঝিলে কোনো অবৈধ গাড়ি চলাচল করুক এটা আমরা চাই না।’