হাতিরঝিলে উন্মুক্ত দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল ইটের বেঞ্চের মাঝে সাদা-কালো চার কোনা দাবার ছক। পাশে বসে আছেন কামালউদ্দিন। ঘুঁটির বাক্স নিয়ে অপেক্ষা করছেন সঙ্গীর জন্য। একসময় দূর থেকে সঙ্গীকে আসতে দেখ বাক্স খুলে বের করলেন রাজা-মন্ত্রী, হাতি-ঘোড়া।
হাতিরঝিলের এফডিসির অংশে যেতে হাতের বাঁ দিকে হাঁটা ও আড্ডা দেওয়ার একটা জায়গা আছে। ঠিক লেক ঘেঁষে আছে সারি সারি লাল ইটের কিছু বসার স্থান। এখানেই টাইলস দিয়ে তৈরি করা হয়েছে সাদা-কালো দাবার ছক।
গত বৃহস্পতিবার বিকেলে হাতিরঝিলে দেখা পাওয়া গেল শখের দাবাড়ু কামালউদ্দিনের। পেশায় আনসার সদস্য। দাবার শখ শৈশব থেকেই। তিনি বলেন, আট মাস আগে হাতিরঝিলে বেড়াতে এসে দাবার ছক তাঁর চোখে পড়ে। তারপর থেকে সুযোগ পেলে প্রায়ই চলে আসেন ঘুঁটির বাক্স নিয়ে। তিনি বলেন, ‘আজকে আমার রাত আটটা থেকে ডিউটি। সাড়ে সাতটা পর্যন্ত খেলব। সময় পেলেই চলে আসি।’ আরও বলেন, এখানে খেলতে হলে সঙ্গে করে ঘুঁটি নিয়ে আসতে হয়।
কীভাবে জুটল খেলার সঙ্গী? কামালউদ্দিন বলেন, খেলতে খেলতেই সঙ্গী জুটে যায়। কয়েকজন নিয়মিত আছেন। রোজ খেলতে আসেন। জাকির হোসেন তেমনই একজন। তেজগাঁওয়ে একটি ওয়ার্কশপের মালিক। বিকেল হলে কর্মচারীদের দোকানে রেখে দাবা খেলতে চলে আসেন হাতিরঝিলে। দাবা তাঁর নেশা। গতকাল তিনি হন্তদন্ত হয়ে এসেই ঘুঁটি সাজানো শুরু করলেন। শুরু হলো লড়াই। কামালউদ্দিন একটু অন্যমনস্ক হতেই তাঁর মন্ত্রীকে খেয়ে দিলেন জাকির।
হাতিরঝিলের প্রকল্প ব্যবস্থাপক মেজর কাজী শাকিল হোসেন প্রথম আলোকে বলেন, দাবা এমন একটা খেলা, যেটা ট্রাফিক সৃষ্টি করে না, গোলযোগ বাধায় না। এখানে খোলা জায়গায় বসে মানুষ বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে পারবে। তিনি আরও বলেন, জায়গাটিকে তাঁরা ‘সেলিব্রেশন পয়েন্ট’ বলেন। হাতিরঝিলের শুরু থেকেই দাবার ছক করা হয়। ১০টি ছক আছে। ঘুঁটির ব্যাপারে বলেন, ঘুঁটি তাঁরা দিলেও তা হারিয়ে যাবে। হাতিরঝিলের অন্য কোথাও যদি এমন খোলা জায়গা পান, তাহলে তাঁরা আরও কিছু দাবার ছক বানাবেন।
দাবাড়ুদের ঘিরে পক্ষে-বিপক্ষে উৎসুক দর্শকও জমে যান। অতি উৎসাহী কেউ কেউ পরামর্শও দিচ্ছিলেন কোন চাল চালতে হবে। এমনই এক দর্শক আবদুল আউয়াল বলেন, এই ব্যবস্থাটা ভালো। খোলা জায়গায় এ রকম খেলা সবাই উপভোগ করেন।
ওদিকে সূর্য ডুবছে। গোধূলির আলোয় জমে উঠেছে খেলা। দর্শনার্থী, খেলোয়াড়ের জমজমাট চারদিক। উৎসুক পথচারী কেউ কেউ একটু উঁকি দিচ্ছেন। আবার কেউ অপেক্ষা করছেন, এক জুটির খেলা শেষ হলেই ঘুঁটি ধার নিয়ে তাঁরাও খেলবেন।
হাতিরঝিলে ঘুরে ঘুরে চা বিক্রি করেন মায়া বেগম। তিনি বলেন, ‘সন্ধ্যার পরে মানুষ অয় বেশি। লাইট আছে, রাইত ১০-১১টা পর্যন্ত খেলে। তয় গরমে বেশি মানুষ আহে। হাওয়ায় শরীল জুড়ায়। খেইলাও শান্তি পায়।’