হাতিরঝিলে গাড়িতে পেট্রলবোমা, তিন চিকিৎসক দগ্ধ
রাজধানীর হাতিরঝিল প্রকল্পের সড়ক দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন তিন চিকিৎসক। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।আহত চিকিৎসকেরা হলেন ওমর ফারুক (৩৭), রাকিবুল আলম (৩৮) ও রায়হান শরীফ (৩৭)। তাঁরা তিনজনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বিসিএস ২৪তম ব্যাচের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানান, রাকিবুলের অবস্থা সংকটাপন্ন। তাঁর মাথা, মুখমণ্ডল, বুক, দুই হাতসহ শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। ওমর ফারুকের পুড়েছে ৭ শতাংশ। সামান্য আহত রায়হান শরীফকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।হাসপাতালে রায়হান শরীফ সাংবাদিকদের বলেন, তিনি নিজেই ব্যক্তিগত গাড়িটি চালিয়ে মিরপুর থেকে ফারুককে তাঁর রামপুরার বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। গাড়িতে তিনিসহ চারজন ছিলেন। রাত সোয়া নয়টার দিকে গাড়িটি হাতিরঝিল প্রকল্পের ভেতর দিয়ে রামপুরা সেতুর কাছাকাছি এলে কাচের বোতলের মতো কিছু একটা ছুড়ে মারা হয়। মুহূর্তের মধ্যে এটি সশব্দে বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়। তবে কে ছুড়ে মেরেছে, তা তাঁরা খেয়াল করেননি।