হাতিরঝিলে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। শিশুটির নাম রায়হান (৭)। নিহত নারীর পরিচয় মেলেনি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে হাতিরঝিল এলাকায় গাড়ির ধাক্কায় শিশু রায়হান মারা যায়। তার বাবার নাম মো. লিটন। তিনি রামপুরা এলাকায় ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালান। উলন বাজারের কাছে তাঁদের বাসা। রায়হান রামপুরার একটি স্কুলে শিশু শ্রেণিতে পড়ত।
তেজগাঁও ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে হাতিরঝিলের পূর্ব দিকে মাই টিভির সামনের রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলার সময় একটি পাজেরো গাড়ি রায়হানকে ধাক্কা দেয়। এরপর প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, ছেলের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রায়হানের বাবা লিটন ও মা লাকী আক্তার। চিকিৎসকেরা রায়হানকে মৃত ঘোষণার পর বারবার মূর্ছা যান তাঁরা।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, হাতিরঝিলের রাস্তার পাশে স্থাপন করা সিসি ক্যামেরায় দেখা গেছে একটি পাজেরো গাড়ি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে। তবে সেই গাড়িটির খোঁজ মেলেনি।
এদিকে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে সবুজবাগ থানার মাদারটেক মোড়ে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ওই নারীর বয়স আনুমানিক ৬০ বছর। সকাল সাড়ে ছয়টার দিকে আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন জসিম নামে এক পথচারী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।