হাতিরঝিলে ঝাঁপ দিয়ে কিশোরের আত্মহত্যা
রাজধানীর হাতিরঝিলের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র। তার সঙ্গে ঝাঁপ দিয়ে বেঁচে গেছে এক কিশোরী। গতকাল শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
কিশোরের নাম এহসানুল হক (১৬)। ছেলে ও মেয়ে দুজনই মগবাজারের প্রভাতী উচ্চ বিদ্যানিকেতনের দশম শ্রেণীর শিক্ষার্থী। কিশোরের লাশ উদ্ধারের পর আত্মহত্যার প্ররোচনা দেওয়া ও আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে পুলিশ মেয়েটিকে গ্রেপ্তার করেছে। তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ছেলেটির বাসা ইস্কাটনে আর মেয়েটির বাসা হাতিরপুলে। একই স্কুলে পড়ার সুবাদে তাদের মধ্যে সম্পর্ক ছিল। প্রাপ্তবয়স্ক না হলেও কিছুদিন আগে মেয়েটির পরিবার অন্য একটি ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে। ১০ জানুয়ারি মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় দুজনে বাড়ি থেকে বের হয়ে যায়। ভোরে হাতিরঝিলের মাঝখানে একটি সেতু থেকে প্রথমে ছেলেটি ও পরে মেয়েটি পানিতে ঝাঁপ দেয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে জানান, মেয়েটি পুলিশকে বলেছে, তারা কেউই সাঁতার জানত না। আত্মহত্যা করার জন্য তারা ঝাঁপ দিয়েছিল।
বাড্ডা থানার পুলিশ জানায়, ভোরে হাতিরঝিলের নিরাপত্তাকর্মী ও সেতুর ওপরে থাকা কয়েকজন রিকশাচালক দুটি ছেলেমেয়েকে সেতুর রেলিংয়ের ওপরে উঠতে দেখেন। প্রথমে ছেলেটি পানিতে লাফিয়ে পড়ে। এর পরপরই মেয়েটিও লাফ দেয়। তারা দুজনই হাবুডুবু খেতে থাকে। এ ঘটনা দেখে কয়েকজন এগিয়ে আসেন। একজন রিকশাচালক একটা লম্বা রশি পানিতে ফেলে দিলে মেয়েটি সেটি ধরে ফেলে। কিন্তু ছেলেটি বেশ দূরে থাকায় সে আর আসতে পারছিল না। একটু পরে ছেলেটি পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে ঝিলের পানি থেকে ছেলেটির লাশ উদ্ধার করে।
এহসানুলের বাবা একরামুল হক ব্যবসায়ী। মা শাহানাজ আক্তার জানান, ছেলের সঙ্গে এক সহপাঠীর সম্পর্কের কথা জানতেন। কিন্তু তারা এ রকম কিছু করবে, তা বুঝতে পারেননি।