হাতিরঝিলে পিকআপ উল্টে কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিকআপ ভ্যানে চড়ে গানের তালে তালে নেচে-গেয়ে ঈদ উদ্যাপন করতে গিয়ে যানটি উল্টে গিয়ে প্রাণ হারিয়েছে এক কিশোর। আহত হয়েছে আরও সাতজন। একজন বাদে হতাহত কিশোরদের সবাই কর্মজীবী। গত শনিবার ঈদের দিন দুপুরে রাজধানীর হাতিরঝিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সুমন (১৭)। আহত অন্যরা হলো আবদুর রহমান, মতুর্জা, গোলাপ, সজীব, তুহিন, মেহেদী ও একটি শিশু।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত কিশোরেরা জানায়, তারা সবাই মগবাজারের মধুবাগ এলাকার বাসিন্দা। রাজধানীর বিভিন্ন দোকানে কাজ করে। ঈদের দিন আনন্দ করতে তারা ১৬ জন মিলে আড়াই হাজার টাকায় সারা দিনের জন্য একটি পিকআপ ভ্যান ভাড়া নেয়। তাতে বড় স্পিকার বসিয়ে সজোরে গান বাজিয়ে নেচে-গেয়ে শহরে ঘোরাই ছিল তাদের পরিকল্পনা।
সকাল সাড়ে ১১টার দিকে মধুবাগ থেকে পিকআপ নিয়ে যাত্রা শুরু করে। আধা ঘণ্টা বেড়ানোর পর বেগুনবাড়ি মোড় হয়ে হাতিরঝিলে ঢোকার সময় পিকআপটি একপাশে কাত হয়ে পড়ে। এতে যানটির সাত আরোহী ও সড়কের একটি শিশু আহত হয়। পরে হতাহত কিশোরদের হাসপাতালে নেওয়া হলে সুমনের মৃত্যু হয়।