হাতিরঝিলে বিজয় দিবসের নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল হলেই রাজধানীর অনেকেই চলে আসেন হাতিরঝিল লেকে। সুশোভিত লেক আর দৃষ্টিনন্দন স্থাপত্য দেখতে প্রতিদিনই হাজারো মানুষের ভিড় জমে এখানে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার এই হাতিরঝিলেই আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচের।
বাংলাদেশ রোয়িং ফেডারেশন ‘মহান বিজয় দিবস নৌকাবাইচ’ নামের এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ আমাদের শহরজীবনে আনন্দ দিচ্ছে। দেশের নদ-নদী যে সময় মরে যাচ্ছে, তখন নৌকাবাইচের মতো এমন প্রতিযোগিতা নিঃসন্দেহে আনন্দের।’ বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ টিকিয়ে রাখার জন্য সবার সহযোগিতাও কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে শুরু হয় নৌকাবাইচ। দেখা যায়, হাতিরঝিলের পুরো লেকটির চারপাশে নানা বয়সী হাজার হাজার মানুষ নৌকাবাইচ দেখতে জড়ো হয়েছে। লোকজনের ভিড়ে লেকের পাড়ে ঘেঁষাই কষ্টকর। নৌকার মাঝিদের কণ্ঠে তখন ভাসছিল ভাটিয়ালি ধাঁচের রকমারি গান। সেই গানের তালে তালে উপস্থিত দর্শকেরাও গলা মেলাচ্ছিল।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হলো বাংলাদেশ মাঝিমাল্লা সমিতি, শাহিনবাগ রোইং ক্লাব, নিউইয়ং স্টার রোইং ক্লাব, উত্তরখান রোইং ক্লাব, সুজনী রোইং ক্লাব, টঙ্গী রোইং ক্লাব, নিউগাজী রোইং ক্লাব, ধানমন্ডি রোইং ক্লাব, জনস্বাস্থ্য প্রাক্তন প্রকৌশল রোয়িং ক্লাব, আলী নগর রোয়িং ক্লাব, আবেদনী রোয়িং ক্লাব, বরিশাল রোয়িং ক্লাব, পাবনা রোয়িং ক্লাব, নারায়নগঞ্জ রোয়িং ক্লাব ও ইউনিভার্সেল রোইং ক্লাব। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।