হাতিরঝিলে মাইক্রোবাস চাপায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিলে গতকাল শনিবার রাতে মাইক্রোবাস চাপায় জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত ১০টার দিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন মো. সাকিব নামে
তাঁর এক আত্মীয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাকিব সাংবাদিকদের জানান, রাত নয়টার দিকে তিনি ও জাহাঙ্গীর রিকশাযোগে রামপুরা বনশ্রীর বাসায় ফিরছিলেন। হাতিরঝিল ব্রিজের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁদের রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন দুজন। তখন মাইক্রোবাসটি না থেমে জাহাঙ্গীরকে চাপা দিয়ে চলে যায়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জাহাঙ্গীর আলমের খালাতো ভাই মো. সোলায়মান। তিনি সাংবাদিকদের জানান, জাহাঙ্গীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের শিক্ষক। তিনি দুই সন্তানের জনক।