হাতিরঝিলে যেন বুড়িগঙ্গার দূষণ, ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ
পানির কালো রং এবং দগদগে ফেনা দেখে মনে হচ্ছিল শুকনো মৌসুমের বুড়িগঙ্গা নদীর দূষণ নেমে এসেছে হাতিরঝিলের লেকে। ময়লা ছাঁকার বৈদ্যুতিক ছাঁকনি ঠেলে গল গল করে যাচ্ছে ময়লা পানি। ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। গত শুক্রবার দুপুর ১২টার আগে-পরের মুষলধারার বৃষ্টির পর এমন দৃশ্যই দেখা যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পেছনে হাতিরঝিল লেকে।
গতকাল শনিবার বিকেলে ঢাকায় বৃষ্টি ছিল না, কড়া রোদও ছিল না। ছুটির দিন বলে লেকের পাড়ে পায়ে চলার পথ (ওয়াকওয়ে) ধরে হাঁটছিলেন কয়েকজন পথচারী। কিন্তু তাঁদের নাক রুমালচাপা।
পরীবাগের বাসিন্দা বদরুল হোসেন বললেন, মাঝে মাঝেই এখানে হাঁটতে আসেন। কিন্তু দুর্গন্ধের জন্য অস্বস্তি লাগে। তাঁর সঙ্গী নিউ ইস্কাটনের বাসিন্দা আবদুস সামাদ হতাশা প্রকাশ করে বলেন, ‘শুনেছি হাতিরঝিল প্রকল্পে দেড় হাজার কোটির বেশি টাকা খরচ করা হয়েছে। এখনো হচ্ছে। এ রকম দুর্গন্ধময় পরিবেশে মনে হচ্ছে টাকাগুলো বুঝি পানিতেই গেছে।’
এই হাঁটার পথ যাঁরাই ব্যবহার করেন, সবারই এক কথা। পথচারী ছাড়াও সোনারগাঁও হোটেলের পেছনে হাতিরঝিল লেকের দক্ষিণ পাশের বিয়ামের শিক্ষার্থীরা, বাড়িঘরের বাসিন্দারা দুর্গন্ধের জন্য সার্বক্ষণিক অশান্তিতে থাকেন।

প্রকল্পের পশ্চিমাংশের ঝিলে কঠিন বর্জ্য যাতে না পড়ে, সে জন্য বৈদ্যুতিক ছাঁকনি (মেকানিক্যাল স্ক্রিন) বসানো হয়। সেই ছাঁকনিতে নিয়মিত পাওয়া যাচ্ছে মরা মুরগি, গরু-ছাগলের নাড়িভুঁড়ি, বিভিন্ন খাবারের প্যাকেট, লেপ-তোশক-বালিশের অংশবিশেষ। এতে ছাঁকনিই অকেজো হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
গতকাল বিকেলে দেখা গেল ছাঁকনির পাশে লেকপাড়ে স্তূপ করে রাখা হয়েছে পলিথিন বর্জ্য। দায়িত্বরত কর্মী আবদুল হালিম বলেন, ছাঁকনি থেকে এসব বর্জ্য বের করে সেখানে রাখা হয়েছে। কবে এগুলো সরানো হবে, তার ঠিক নেই।
কারওয়ান বাজারের ময়লা-আবর্জনা ও পান্থপথ বক্স কালভার্ট হাতিরঝিলের পানি নষ্ট করার ক্ষেত্রে প্রধানত দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। হাতিরঝিলের পরামর্শক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, হাতিরঝিল প্রকল্প এলাকায় বক্স কালভার্টসহ ঢাকা ওয়াসার পয়েন্ট থেকে পয়োবর্জ্য আসে। পান্থপথ বক্স কালভার্ট দিয়ে প্রবাহিত হওয়ার কথা শুধু বৃষ্টির পানি। কিন্তু ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, পরীবাগ প্রভৃতি এলাকার অবৈধ সব পয়োনালা এই কালভার্টের সঙ্গে যুক্ত করা।
হাতিরঝিল প্রকল্পের তদারকি ও ব্যবস্থাপনা কমিটি সম্প্রতি এক বৈঠকে হাতিরঝিলের পানি ভালো রাখতে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেয়। বৈঠকে পান্থপথের বক্স কালভার্ট থেকে সব পয়ঃসংযোগ বিচ্ছিন্ন করে সেগুলোর জন্য আলাদা পয়োব্যবস্থা করার তাগিদ দেওয়া হয়। এ ছাড়া মগবাজার ও আশপাশের এলাকার পয়োবর্জ্য হাতিরঝিলে না আসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ওয়াসার দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু বাস্তবে এ বিষয়ে ঢাকা ওয়াসা ও অন্য সংস্থাগুলোর কোনো তৎপরতা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক শীর্ষ কর্মকর্তা বলেন, রাস্তা ও বক্স কালভার্ট ভেঙে এখন আলাদা করা অনেক ব্যয়সাপেক্ষ। এতে জনদুর্ভোগও বাড়বে।
এ বিষয়ে বুয়েটের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গ্লাস রিনফোর্স পাইপের (জিআরপি) মাধ্যমে আলাদা লাইন করে এর সমাধান করা যায়। খরচও কম হবে।