হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিলে গতকাল বৃহস্পতিবার মাইক্রোবাসের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। তাঁরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকও আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে হাতিরঝিলের পাগলা মাজারসংলগ্ন সড়কে একটি মাইক্রোবাস একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ভেতরে থাকা রওনক জাহান (৩২), তাঁর ১১ মাসের মেয়ে আরিশা, রওনকের বোন মোছাম্মৎ অন্তরা ও অন্তরার এক বছরের ছেলে সাইরি আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
রওনক জাহান সাংবাদিকদের বলেন, তাঁরা অটোরিকশাযোগে তাঁর বড় বোনের বাসা কাফরুলের ইব্রাহিমপুরে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী দোকানদার মো. লিটন বলেন, এ ঘটনায় অটোরিকশাচালকও আহত হয়েছেন বলে তিনি দেখেছেন। কিন্তু তাঁকে কোথায় ভর্তি করা হয়েছে তা তিনি জানেন না।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন আহত হওয়ার খবর শুনেছি। তবে হাতিরঝিলে একমুখী রাস্তায় মুখোমুখি সংঘর্ষ কীভাবে হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও মাইক্রোবাস এবং এগুলোর চালকদের পাওয়া যায়নি।’