হাতিরঝিলে সিঙ্গাপুরের মতো স্থাপনা হবে: গণপূর্তমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরঝিলকে ঢাকার আইকন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে উন্নত মানের একটি কনভেনশন সেন্টার স্থাপন করা হবে। অত্যাধুনিক অপেরা হাউসও নির্মাণ করা হচ্ছে। আজ বুধবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাতিরঝিল পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্মুক্ত মঞ্চটির নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে এবং এটি শিগগিরই খুলে দেওয়া হবে। ঢাকাকে বিশেষভাবে পরিচিত করতে হাতিরঝিলে লন্ডন আই বা সিঙ্গাপুরের মতো একটি স্থাপনা নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে হাতিরঝিল প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ঢাকার নাগরিক জীবনে স্বস্তির জন্য একটি নান্দনিক ও আদর্শ বিনোদন কেন্দ্র হিসেবে হাতিরঝিলকে গড়ে তোলা হচ্ছে। নগরবাসীর চলাচলের সুবিধার্থে এখানে সার্কুলার বাস সার্ভিস চালু করা হয়েছে। ওয়াটার ট্যাক্সি চালু করার ফলে খুব কম সময়ে কম খরচে জনসাধারণ ঝিলের পশ্চিম প্রান্ত থেকে বাড্ডা বা গুলশান চলাচল করতে পারছে। গুলশান লেকের খননকাজ চলছে। এ লেককে সম্প্রসারণ করে বনানী ও বারিধারা পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। তখন ওয়াটার ট্যাক্সির রুট বনানী-বারিধারা পর্যন্ত বিস্তৃত করা হবে।

তিনি বলেন, একটি পরিকল্পিত আবাসিক এলাকার জন্য লেক বা জলাধার রাখার বিষয়কে গুরুত্ব দিয়ে গুলশান বারিধারায় লেক নির্মাণ করা হয়েছিল। কিন্তু বিগত সরকারগুলো লেক ভরাটের মাধ্যমে প্লট তৈরি করে তা বরাদ্দ প্রদান করেছে। এখন সেই লেকেরই সংস্কারকাজ করতে হচ্ছে।