হাতিরঝিলের উড়োজাহাজ...

হাঁস তো ভাসছেই। সঙ্গে পাখা মেলে ময়ূরও আছে। এদিক-ওদিক বেড়াচ্ছে রেলের ইঞ্জিনের বগি ও উড়োজাহাজ। অথচ এই ইঞ্জিনের ঝিকঝিক শব্দে ছুটে চলার কথা। উড়োজাহাজের উড়াল দেওয়ার কথা। এসবের কিছুই না করে সবাই ভাসছে পানির ওপরে। কারণ এরা সবাই প্লাস্টিকের। পেছনে বসা মানুষ তাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইচ্ছেমতো। নগরবাসীর বিনোদনের জন্য হাতিরঝিলে যুক্ত হয়েছে নানা রং ও ঢংয়ের প্যাডেলচালিত বোট (পা দিয়ে চালিত নৌকা)।
হাতিরঝিলের মেরুলবাড্ডা ও রামপুরা ঘাটের মাঝামাঝি অংশে এ বোট চলছে। গত শনিবার বিকেলে দেখা যায়, প্রায় পাঁচটি বোট নিয়ে মানুষ পানিতে ঘুরছে। ওদিকে পাড়ে চড়ার জন্য অপেক্ষারত মানুষদের ভিড়টাও নেহাত কম নয়।

মো. রিপন এসেছেন পরিবারের আটজনকে নিয়ে। এর মধ্যে ছোট সদস্য আছে চারজন। রিপন বলেন, প্রথমবারই তিনি এসেছেন এখানে। ছোটদের একজন ওয়ারিশা এর আগে স্পিডবোটে উঠেছে, তবে প্যাডেলচালিত বোটে চড়ার ব্যাপারে তার বেশ আগ্রহ।
ঘাটের ইনচার্জ সার্জেন্ট কবির বলেন, দুই মাস আগে এ বোট চালু হয়েছে। বিকেলে লোকজন একটু বেশি হয়। এ বোট বেশি দূর যেতে পারবে না। একটি নির্দিষ্ট অংশজুড়ে সীমানা দেওয়া আছে। কারণ জানতে চাইলে সার্জেন্ট বলেন, ‘এখানে ওয়াটার ট্যাক্সি চলায় বেশি দূর যেতে দিই না। আর সীমানা না থাকলে লোকজন নিজেদের মতো করে অনেক দূর চলে যাবে। তখন তাদের নিয়ন্ত্রণ করতে পারব না।’

সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এ বোট চলে। আধা ঘণ্টা চড়লে ১৫০ টাকা। এক ঘণ্টা হলে ২৫০ টাকা। মেরুলবাড্ডার ওয়াটার ট্যাক্সির ঘাট থেকে টিকিট কিনতে হবে। মোট ১০টি বোট আছে। ছাউনি আছে প্রতিটি বোটের ওপরেই। কোনোটিতে দুজন কোনোটিতে চারজন বসার সুযোগ আছে। নির্দিষ্ট সময় পার হলে ভ্রমণকারীদের ফেরত আসতে ঘাট থেকে ডাকা হয়।
হাতিরঝিল প্রকল্পের প্রজেক্ট অফিসার মেজর সাদিক শাহরিয়ার প্রথম আলোকে বলেন, যাত্রী পারাপারের জন্য ওয়াটার ট্যাক্সি আছে। তবে বিনোদনের জন্য এ বোট চালু করা হয়েছে। অন্য কোনো ঘাটে চালুর ব্যাপারে বলেন, আপাতত কোনো পরিকল্পনা নেই। এ জায়গা সবদিক দিয়ে সুবিধাজনক হওয়ায় এখানেই চালু হয়েছে।