হাতিরঝিলের নকশাবহির্ভূত স্থাপনা ৭ দিনের মধ্যে সরাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিলমিল নামের এই রেস্তোরাঁর স্থায়ী কাঠামো গড়ে উঠেছে ঝিলের পানি ঘেঁষে। ছবি: প্রথম আলো
ঝিলমিল নামের এই রেস্তোরাঁর স্থায়ী কাঠামো গড়ে উঠেছে ঝিলের পানি ঘেঁষে। ছবি: প্রথম আলো

হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের নকশাবহির্ভূত স্থাপনা ৭ দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

‘নিষ্ক্রিয় ভূমিকায় রাউজক’ শিরোনামে ১ আগস্ট প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গতকাল রিটটি করা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আদেশের বিষয়টি জানিয়ে মনজিল মোরসেদ বলেন, নকশাবহির্ভূতভাবে ওই প্রকল্পে কোনো স্থাপনা যাতে কেউ নির্মাণ করতে না পারে, সে জন্য প্রতিনিয়ত তদারকি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া ওই প্রকল্পের লে-আউটবহির্ভূত স্থাপনা সাত দিনের মধ্যে ভেঙে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজউক চেয়ারম্যান, ওই প্রকল্পের পরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে দুই সপ্তাহের মধ্যে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রুলে ওই প্রকল্পের নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণ বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং লে-আউট প্ল্যান অনুসারে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রাজউক চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ওই প্রকল্প পরিচালক ও হাতিরঝিল থানার ওসিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।